Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৪, ২০২৬

নন্দীগ্রাম, ভবানীপুর দুই আসনে লড়তে পারেন শুভেন্দু । পাল্টা চ্যালেঞ্জ ঘাসফুল শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
নন্দীগ্রাম, ভবানীপুর দুই আসনে লড়তে পারেন শুভেন্দু । পাল্টা চ্যালেঞ্জ ঘাসফুল শিবিরের

আগামী সোমবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর রাজনৈতিক দলগুলি। এই আবহে বড়ো সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। সূত্রের খবর, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সবকিছু ঠিক থাকলে আজ, শনিবারই সেই ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারীকেও উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি।

সম্প্রতি দিল্লিতে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বৈঠক করেন রাজ্য বিজেপির নেতারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে একজন ‘হেভিওয়েট’ প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সূত্রের দাবি, সেই কারণেই শুভেন্দু অধিকারীর নাম সামনে এসেছে।

ভবানীপুরে প্রার্থী হওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নিজেও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে তাঁর রাজনৈতিক আনাগোনাও বেড়েছে। তবে নন্দীগ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না তিনি। কারণ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে নন্দীগ্রাম তাঁর পাশে দাঁড়িয়েছিল বলে মনে করেন শুভেন্দু। যদিও ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মামলা এখনও কলকাতা হাই কোর্টে বিচারাধীন।

এই পরিস্থিতিতে দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক সূত্রে খবর।

এদিকে শুভেন্দুর ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা ঘিরে কটাক্ষ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “অনেক নেতাই দু’টি আসন থেকে লড়েন যখন একটি আসনে হারার আশঙ্কা থাকে। যদি শুভেন্দু অধিকারী বা বিজেপির সাহস থাকে, তাহলে শুধু ভবানীপুর কেন্দ্র থেকেই লড়ুক। দু’টি আসনে দাঁড়ানোর মধ্যে হার মেনে নেওয়ার মানসিকতা রয়েছে।”

আজই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে। সেই সভার দিনেই শুভেন্দু অধিকারীর নাম দুই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, প্রার্থী ঘোষণা নিয়ে অতীতে দেরি করায় দলকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণায় বিলম্ব হওয়ায় সংগঠনগত প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে দাবি তাদের।

সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর দেরি করতে চাইছে না বিজেপি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থীদের নাম ঘোষণা করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে চায় গেরুয়া শিবির। এমনকি সূত্রের খবর, ইতিমধ্যেই অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিজেপি নেতৃত্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!