- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ২১, ২০২২
নারীর শিক্ষায় আবারও তালিবানি খর্গ।উদ্বেগ রাষ্ট্রপূঞ্জের।ঘরে বাইরে তীব্র সমালোচনা
স্কুলের পর বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার ওপর নেমে এল তালিবানি খর্গ । বুধবার আফগানিস্তানের তালিবানি প্রশাসন জারি করেছে নয়া বিজ্ঞপ্তি । সেই নোটিশে, সেদেশের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম জানিয়েছেন, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মহিলাদের উচ্চশিক্ষার পথ অবরুদ্ধ করা হল ।
বুধবারই, আফগানিস্তানের উচ্চশিক্ষা দফতরে মুখপাত্র টুইটারে সেই নিষেধাজ্ঞার চিঠি পোস্ট করে লিখেছেন, মন্ত্রীসভার সিদ্ধান্তেই সেদেশে নারীদের উচ্চশিক্ষার অধিকার রদ করা হল । চিঠির বয়ানে, অবিলম্বে তালিবানি নির্দেশ দেশ জুড়ে লাগু করার কথা উল্লেখ করা হয়েছে । তাতে স্বাক্ষর রয়েছে সে দেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর ।
তালিবানি এই ফতোয়ায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল । প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, গত বছর অগস্টে আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই, একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে তালিবানি সরকার ।
মানবাধিকার খর্ব করার বিষয়ে, নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের শেষ সভাতেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন দেশ । পাশাপাশি সেদেশে কর্মরত বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং এনিজিও তালিবানদের নতুন ফতোয়ার তীব্র বিরোধিতা করেছে । তাদের বক্তব্য, এমনিতেই দুর্নীতির বিশ্ব তালিকায় ১৮০ দেশের মধ্যে ১৭৭ এ দাড়িয়ে সে দেশের প্রশাসন । দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে । মানবাধিকার কেড়ে নেওয়া এবং আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত তালিবানি প্রশাসনকে সহায়তা করতে নারাজ বিশ্বের বিভিন্ন দেশ । জারি একাধিক নিষেধাজ্ঞাও । একই কারণে মানব উন্নয়ন এবং আফগানিস্থানের পুনর্গঠনের জন্য বিদেশি সাহায্যের টাকাও আটকে আছে সে দেশের শীর্ষ ব্যাঙ্কে । ফলে বেকায়দায় তালিবান প্রশাসন, তাই পাল্টা চাপ দিয়েই বিশ্বজনমতের সহানুভূতি আদায় করতে তৎপর তারা ।
রাষ্ট্রপূঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক এপ্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি বলেন, একটি দেশের সার্বিক অগ্রগতিতে, নারীদের অবদান গুরুত্বপূর্ণ। সেখানে তাদের শিক্ষা ও সামাজিক অধিকার কেড়ে নেওয়া হলে সে দেশের অবনমন অবসম্ভাবী । এতে বিশ্বজুড়ে তালিবান প্রশাসনের বিরুদ্ধে অবরোধ আরও বাড়বে । তালিবানরা সরকার গঠনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলিকে থেকে ক্রমশই তার সরে যাচ্ছে । এর ফলে আন্তর্জাতিক পরিসরে তালিবানি সরকারের স্বীকৃতি আদায় আরও কঠিন হবে । রাষ্ট্রপূঞ্জের সদস্য দেশ গুলোও সাম্প্রতিক তালিবানি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেছে, যতক্ষণ না পর্যন্ত আফিগানিস্তানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে, ততদিন আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার কে স্বীকৃতিদান এবং সহায়তা থেকে বিরত থাকবেন তারা ।
প্রসঙ্গত, এমন একটি সময়ে নারী শিক্ষা অবরুদ্ধ করার ঘোষণা করল তালিবান প্রশাসন, যখন নিউইউর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে । সেই বৈঠকে আফাগনিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপিত হয়েছে । পাশাপাশি সরকারি এবং বেসরকারি স্তরের সমস্ত আফগান বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে । এই ঘোষণার পর স্বভাবতই উৎকন্ঠা বাড়ছে সেদেশের সাধারণ মানুষের মধ্যে । অনেক ছাত্রী এবং তাদের অভিভাবকরা আশঙ্কা করছেন, সেই ভয়ঙ্কর তালিবানি দুঃসময়ের কাল আবারও হয়তো ফিরে আসছে । আবার হয়তো ঘরের মধ্যে অবরুদ্ধ হবেন আফগান মহিলারা ।
শুধু মহিলাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়াই নয়, বিচার ব্যবস্থাতেও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় তালিবানরা । শরিয়তি বিধানের অজুহাত দেখিয়ে, প্রকাশ্যে গণহত্যাও বাড়ছে সে দেশে । বাড়ছে দমননীতি ।
❤ Support Us






