Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৩০, ২০২৬

কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ইভিএম, গণনার আগে রাজ্যজুড়ে নজিরবিহীন প্রস্তুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ইভিএম, গণনার আগে রাজ্যজুড়ে নজিরবিহীন প্রস্তুতি

রাজ্যে দুই দফার বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন নজর ৪ তারিখের গণনার দিকে। তার আগে সমস্ত ইভিএম পৌঁছে গিয়েছে নির্দিষ্ট স্ট্রংরুমে, এবং সেই স্ট্রংরুমগুলিকে ঘিরে তৈরি করা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার স্ট্রংরুমের নিরাপত্তা আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা থাকলেও বর্তমানে তার থেকেও বেশি বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে ভোটগণনা কেন্দ্রের সংখ্যাও কমানো হয়েছে — ২০২১ সালে যেখানে ১০৮টি কেন্দ্রে গণনা হয়েছিল, সেখানে এবারে ২৯৪টি আসনের ভোট গণনা হবে মোট ৮৭টি কেন্দ্রে।

বিধাননগর কলেজের স্ট্রংরুমে রাখা হয়েছে রাজারহাট-নিউটাউন, বিধাননগর এবং রাজারহাট গোপালপুর বিধানসভার ইভিএম। এই কলেজের নিউ ও ওল্ড— দুটি বিল্ডিংয়ের মধ্যে ওল্ড বিল্ডিংয়ে তৈরি হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম, যেখানে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। স্ট্রংরুমের প্রবেশ ও প্রস্থান পথসহ আশপাশের এলাকায় কড়া নিয়ন্ত্রণ রয়েছে, এবং কোনও অবৈধ ব্যক্তি বা জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে রাজ্য পুলিশের নিরাপত্তা বলয় থাকলেও স্ট্রংরুমের ভেতরে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে চারটি বিধানসভার ইভিএম সংরক্ষিত রয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে সাতটি বিধানসভার ইভিএম রাখা হয়েছে, যেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রাজ্যের অন্যান্য স্ট্রংরুমেও একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্ট্রংরুম সংলগ্ন এলাকায় চলছে নাকা চেকিং এবং কড়া নজরদারি। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, গণনার আগে পর্যন্ত কোনও রকম ত্রুটি বা নিরাপত্তার ফাঁক রাখতে তারা রাজি নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হয়। বুধবার, ২৯ এপ্রিল ছিল দ্বিতীয়দফার নির্বাচন হয়। সবার নজর এখন ভোট গণনার দিকে। তবে গতবারের তুলনায় এবার ভোট গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের জন্য এবার ৮৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। গত বিধানসভা নির্বাচনের সময় গণনা কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। এবার তা একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!