- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৯, ২০২৬
তৃণমূলের দলীয় তহবিল ব্যবহারের অনুমতি দিল হাইকোর্ট, নজরদারি বিশেষ অফিসারের
তৃণমূলের ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালতের নিয়োগ করা বিশেষ অফিসারের (Special Officer) নজরদারিতে আপাতত ওই তিনটি অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন সাংগঠনিক খরচ এবং আইনি ব্যয়ের জন্য টাকা তোলা যাবে। তবে এই দুই খাতের বাইরে অন্য কোনও খরচের জন্য অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি থাকবে না।
আদালতের নির্দেশ অনুযায়ী, ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্ট থেকে দলের প্রকৃত ব্যবহারকারীরাই শুধুমাত্র চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন। প্রতিটি চেকে দলের দুই অনুমোদিত স্বাক্ষরকারীর সই থাকতে হবে। সেই চেকে আদালতের নিযুক্ত বিশেষ অফিসার, অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের অনুমোদন বা স্বাক্ষর থাকলেই ব্যাঙ্ক টাকা ছাড়তে পারবে।
হাইকোর্ট স্পষ্ট করেছে, একটি রাজনৈতিক দল পরিচালনার জন্য প্রতিদিন যে ন্যূনতম প্রশাসনিক ও সাংগঠনিক ব্যয় প্রয়োজন, শুধুমাত্র সেই খরচের জন্যই অর্থ তোলা যাবে। পাশাপাশি, মামলার আইনি খরচও এই অ্যাকাউন্টগুলি থেকে মেটানো যাবে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্ককে এই তিনটি অ্যাকাউন্টের সমস্ত নথি ও লেনদেন-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে পুলিশকে পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে।
মামলার শুনানিতে তৃণমূলের কোন অংশ ‘আসল তৃণমূল’— তা নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থী শিবিরের মধ্যে চলা বিরোধের বিষয়টিও উঠে আসে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, এই পর্যায়ে আদালত কোনও পক্ষকেই ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচন কমিশন যদি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়, তবে তা হাইকোর্টকে জানাতে হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বর্তমান অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে কি না, সে বিষয়ে আদালত পরবর্তী সময়ে বিবেচনা করবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।
❤ Support Us







