Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৬

স্ট্রংরুমে কারচুপির আশঙ্কা, কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বৈঠক অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্ট্রংরুমে কারচুপির আশঙ্কা, কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বৈঠক অভিষেকের

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই স্ট্রংরুমে সম্ভাব্য কারচুপির আশঙ্কা তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে গণনাপর্বকে কেন্দ্র করে সতর্কতা বাড়াতে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক ডাকলেন। আগামীকাল বিকেল ৪টেয় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে কাউন্টিং এজেন্টদের ভূমিকা ও দায়িত্ব বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই এজেন্টদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদের নির্দেশ দিতে পারেন যাতে তারা ঠান্ডা মাথায় সম্পূর্ণ গণনাপ্রক্রিয়ার উপর নজর রাখেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এক্সিট পোলের পূর্বাভাসে ভরসা না করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হতে পারে বৈঠকে। একইসঙ্গে, স্ট্রংরুমের বাইরে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমনই গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজরদারি বজায় রাখার উপর জোর দেওয়া হবে।

নির্দেশ থাকতে পারে, গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও এজেন্ট যেন কেন্দ্র না ছাড়েন। যদি কোনও কারণে বাইরে যেতে হয়, তবে বিকল্প এজেন্টকে আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। গণনাকেন্দ্রে সন্দেহজনক কাউকে দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি দলীয় প্রার্থীদের জানাতে হবে। পাশাপাশি, কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথাও স্পষ্টভাবে বলা হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম ঘিরে উত্তেজনা তৈরি হয়। শাখাওয়াত মেমোরিয়ালে টানা চার ঘণ্টা পাহারায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা।

স্ট্রংরুমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন, গণনার দিন সাংবাদিক বৈঠক করে না বলা পর্যন্ত কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ত্যাগ না করেন। বিজেপির এক্সিট পোলকে ‘মিথ্যা’ বলে দাবি করে তিনি দলীয় কর্মী ও এজেন্টদের শেষ পর্যন্ত মাটি আঁকড়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!