- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৬
সুমিত রায়ের খোঁজে ভোররাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি তল্লাশি, তালা ভেঙে অভিযান । সরব তৃণমূল
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়কে খুঁজতে শনিবার ভোররাতে কালীঘাটের পটুয়াপাড়ায় তাঁর বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ । পুলিশের দাবি, সুমিত রায়ের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন অভিষেকের বাড়ির আশপাশেই ধরা পড়েছিল । সেই সূত্র ধরেই রাতের অন্ধকারে অভিযান চালানো হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থেকে একটি বিশেষ দল শুক্রবার গভীর রাতে কলকাতার উদ্দেশে রওনা দেয় এবং শনিবার ভোর প্রায় ৩টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় । দীর্ঘ সময় ধরে বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হলেও কোনও সাড়া না মেলায় বাড়ির বাইরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ । পরে গোটা বাড়ি তল্লাশি চালানো হয় । তবে সুমিত রায়ের কোনও খোঁজ মেলেনি । সকাল ৮টার পর পুলিশ বাহিনী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ।
তল্লাশি অভিযানে শালবনি থানার পুলিশ ছাড়াও কালীঘাট থানার পুলিশ এবং মহিলা পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন । বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । পুলিশ আধিকারিকদের একাধিক গাড়ি ভোর থেকেই পটুয়াপাড়ার এলাকায় অবস্থান করছিল ।
ঘটনার খবর পেয়ে ভোরেই সেখানে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কিছু সময় অভিষেকের বাড়িতে থাকলেও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি । সকাল ৮টার পর তিনিও সেখান থেকে বেরিয়ে যান ।
অভিযান শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, পুলিশ তালা ভেঙে তাঁর বাড়িতে প্রবেশ করে এবং পুরো বাড়ি তল্লাশি চালায় । তবে কোনও ধরনের বেআইনি বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । তিনি দাবি করেন, পুলিশের সমস্ত কার্যকলাপ রেকর্ড করা হয়েছে এবং এই অভিযানের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করা হয়েছে ।
উল্লেখ্য, সম্প্রতি জমি দুর্নীতির একটি মামলায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন । তদন্তে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে । অন্যদিকে, আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলায়ও সুমিতকে খুঁজছে পুলিশ । সেই কারণেই তাঁর সম্ভাব্য অবস্থান খুঁজতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে সূত্রের দাবি ।
এরই মধ্যে একাধিক মামলায় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় সই জালিয়াতি মামলায় গত বৃহস্পতিবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তাঁকে ভবানী ভবনে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে । কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করার শর্তে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না ।
শুক্রবারও অন্য একটি মামলায় অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি । তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া সাইবার অভিযোগের তদন্তে তাঁকে নোটিস দেওয়া হয় । আগামী ১৬ জুন ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে । পাশাপাশি সই জালিয়াতি মামলায় ১৪ জুন ফের ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ১৫ জুন তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।
একের পর এক তদন্তকারী সংস্থার তৎপরতার মাঝে শনিবার ভোরের এই পুলিশি অভিযান রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে ।
❤ Support Us







