- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৬
রাজ্যসভায় আরও কোণঠাসা তৃণমূল, সুখেন্দুশেখরের পর ইস্তফা সাংসদ সুস্মিতা দেবের। বিজেপিতে যোগদানের জল্পনা
সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের পর এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। শুধু সাংসদ পদই নয়, দলীয় সূত্রের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১১-তে।
সুস্মিতা দেবের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্মিতা বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অসমের প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সুস্মিতা দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা। তিনি একসময় অসমের শিলচর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। অবশেষে ২০২১ সালের আগস্ট মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলে যোগ দেওয়ার পর দ্রুতই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন সুস্মিতা। তাঁকে দলের জাতীয় মুখপাত্র করা হয় এবং পরে রাজ্যসভার সাংসদ হিসেবেও মনোনীত করা হয়। একইসঙ্গে অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর-পূর্ব ভারতে তৃণমূলের সংগঠন গড়ে তোলার পরিকল্পনা প্রত্যাশিত সাফল্য পায়নি। অসম ও ত্রিপুরায় দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব হয়নি। অন্যদিকে, বাংলার বাইরে থেকে আসা এক নেত্রীকে রাজ্যসভার টিকিট দেওয়াকে কেন্দ্র করে দলের অন্দরে একাংশের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছিল। এরই মধ্যে সোমবার সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের খবর সামনে আসে। তার মাত্র দু-দিনের মধ্যেই সুস্মিতা দেবের ইস্তফা তৃণমূলের জন্য আরও বড়ো রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, এই পদত্যাগ শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি বৃহত্তর কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে তৃণমূলের কয়েকজন সাংসদের সঙ্গে বিজেপির এক শীর্ষ নেতার বৈঠকের জল্পনাও রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছিল। যদিও সে বৈঠকে সুস্মিতা দেব উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি। বর্তমানে নজর রয়েছে সুস্মিতা দেবের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে। তিনি কি সত্যিই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন, নাকি অন্য কোনও রাজনৈতিক পথ বেছে নেবেন, তার উত্তর মিলবে আগামী দিনে।
❤ Support Us







