- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৯, ২০২৬
ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা
ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয়েছে দেশের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরাকে। তাঁর মাথার দাম ছিল মোট ১ কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গিরিডি ও ধানবাদের সীমানা এলাকা থেকে বেসরার পাশাপাশি তাঁর দুই সহযোগী মোচু এবং সৌরভকেও গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীশগঢ়ে মাওবাদী কার্যকলাপ পরিচালনার অন্যতম প্রধান দায়িত্বে ছিলেন মিসির বেসরা। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। তাঁকে ধরতে বহু বছর ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি। তদন্তকারী সংস্থার দাবি, বেসরার বিরুদ্ধে খুন, নিরাপত্তাবাহিনীর উপর হামলা, তোলাবাজি, আইইডি বিস্ফোরণ-সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের ঘোষিত পুরস্কারের মোট অঙ্ক ছিল ১ কোটি টাকা।
পুলিশের দাবি, মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির শেষ সক্রিয় নেতা ছিলেন মিসির বেসরা। কোলহান, সারান্ডা এবং পরেশনাথ অঞ্চলকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। মাওবাদী সংগঠনের সাংগঠনিক রণকৌশল নির্ধারণ এবং বিভিন্ন রাজ্যে সংগঠনের নেটওয়ার্ক সক্রিয় রাখার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গত কয়েক বছরে তাঁর একাধিক ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ নেতা গ্রেফতার হওয়া কিংবা আত্মসমর্পণ করায় মাওবাদী নেটওয়ার্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ে বলে দাবি পুলিশের। সে সুযোগে বিভিন্ন সূত্র এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে শেষ পর্যন্ত বেসরাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তদন্তকারীদের মতে, মিসির বেসরার গ্রেফতারি ঝাড়খণ্ড-সহ সমগ্র পূর্ব ভারতে মাওবাদী সংগঠনের জন্য ব্যাপক ধাক্কা। তাঁকে জেরা করে সংগঠনের অন্যান্য শীর্ষ নেতা, সদস্যদের অবস্থান, নেটওয়ার্ক এবং যেসব এলাকায় এখনও মাওবাদীদের কার্যকলাপ সক্রিয় রয়েছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবারই ঝাড়খণ্ড পুলিশের কাছে ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেন, যাঁদের মাথার দামের মোট অঙ্ক ছিল ৩৯ লক্ষ টাকা। সেই আত্মসমর্পণের কয়েক ঘণ্টার মধ্যেই শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরাকে গ্রেফতার করা হয়, যা নিরাপত্তা বাহিনীর বড়ো সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
❤ Support Us








