Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৭, ২০২২

কঙ্গোয় রাষ্ট্রসংঘ-বিরোধী গণবিক্ষোভ, নিহত শান্তিবাহিনীর দুই ভারতীয় সদস্য

'যুদ্ধাপরাধ' প্রতিক্রিয়া রাষ্ট্রসংঘ মহাসচিবের, বিদেশমন্ত্রী জয়শঙ্করের নিরপেক্ষ বিচারের দাবি

আরম্ভ ওয়েব ডেস্ক
কঙ্গোয় রাষ্ট্রসংঘ-বিরোধী গণবিক্ষোভ, নিহত শান্তিবাহিনীর দুই ভারতীয় সদস্য

কঙ্গোতে নিহত দুই ভারতীয় সেনা । রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীর সদস্য ছিলেন ওই দুই ভারতীয় সেনা কর্মী । এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । এক বার্তায় জানিয়েছেন, কোনভাবেই শান্তি প্রক্রিয়ায় বিঘ্নকারীদের রেয়াত করা উচিত নয় । অবিলম্বে ঘটনার তদন্ত এবং নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন তিনি ।

এক দশকের বেশি সময় ধরে, বিচ্ছিন্নতাকামী গোষ্ঠীর সশস্ত্র অভ্যুত্থানকে প্রতিহত করতে সেখানে কাজ করছে রাষ্ট্রসংঘের শান্তিবাহিনী । তবে, কঙ্গোর অভ্যন্তরে, রাষ্ট্রসংঘের স্টেবিলাইজেশন মিশনে নিযুক্ত শান্তিবাহিনীর কার্যকলাপকে বাড়ছিল গণবিক্ষোভ । ২৫ জুলাই দেশটির উত্তরের কিভু রাজ্যের প্রধান শহর গোমায় শুরু হয় বিক্ষোভ । রাষ্ট্রসংঘ-বিরোধী এই আন্দোলনে এখনো পর্যন্ত নিহত হয়েছেন ১৫ জন । আহত আরও ৫০ । সংবাদ সংস্থা সূত্রে খবর, একদল বিক্ষুব্ধ অতর্কিত হামলা চালায় কিভু রাজ্যে, বুটেম্বোর শান্তিবাহিনীর সেনা ছাউনিতে । একটি বিবৃতিতে রাষ্ট্রসংঘ মিশন জানিয়েছে, মূলত অস্ত্রলুঠ করতেই এই আক্রমণ চালায় স্থানীয়রা । ঘটনায় নিহত হয় শান্তি বাহিনীর দুজন সদস্য এবং একজন কঙ্গো পুলিশের কর্মী । স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে আরও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন । গতকাল বিক্ষোভ আরও উত্তরের বেনি ও বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে ।

সোমবার কিনসাসায়, স্থানীয় এক হাসপাতালে লুন্ঠনরত বিক্ষুদ্ধদের প্রতিহত করে শান্তিরক্ষা বাহিনীর ভারতীয় সদস্যরা । তারপরই সশস্ত্র বিচ্ছিন্নতাকামীদের ক্ষোভের শিকার হয় রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীর দুই ভারতীয় সেনা কর্মী শিশুপাল সিং এবং সানওয়ালা রাম বিষ্ণোয়ি । ঘটনার প্রতিক্রিয়ায় রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র নিন্দা করে বলেছেন, এটি একটি ‘যুদ্ধাপরাধ’।

রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক, মঙ্গলবারের ঘটনা সম্পর্কে জানিয়েছেন, বিক্ষুদ্ধ জনরোষ হঠাৎ করেই আছড়ে পরে রাষ্ট্রসংঘের সেনা ছাউনিতে । শান্তিবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত এবং আহত হয় সাধারণ নাগরিক । কঙ্গোর বিভিন্ন জায়গায়, শান্তিবাহিনীর বিভিন্নকর্মীদের ওপর গত কয়েকদিন ধরেই আক্রমণ চালাচ্ছে স্থানীয় বিক্ষুদ্ধরা । কোথাও পাথর , কোথাও পেট্রোল বোমা ছুঁড়ে আঘাত হানছে শান্তিবাহিনীর সেনা ব্যারাকে, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে হিংসার বার্তা । জনবিক্ষোভ প্রতিহত করে, হিংসা দমনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রাষ্ট্রসংঘের কর্মীরা । তবে হিংসাত্মক আন্দোলন এখনও থামেনি । পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ঘটনার দ্রুত তদন্তের অশ্বাস দিয়েছেন ফারহান হক ।

খনিজ সম্পদে পুষ্ট কঙ্গোতে, দীর্ঘদিন ধরেই স্থানীয় বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলো, দেশের অভ্যন্তরে হিংসা ছড়িয়ে নিজেদের আখের গুছোতে লিপ্ত । ইসলামিক স্টেট তাদের এই কার্যকলাপে প্রত্যক্ষ মদত দেয়, এই অভিযোগও নতুন নয় । মূলত খনিজ সম্পদের বেআইনি খনন এবং জঙ্গি সংগঠনের তৎপরতা রুখতে কঙ্গো এবং উগান্ডার সামরিক বাহিনী বহুবার দেশটির পূর্বাঞ্চলে যৌথ অভিযান চালিয়েছে । রাষ্ট্রসংঘের বিরুদ্ধে, এবারের অভ্যুত্থানে সেইসব জঙ্গিগোষ্ঠির প্রত্যক্ষ মদত আছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!