Advertisement
  • বি। দে । শ
  • অক্টোবর ১২, ২০২৬

হরমুজে পর পর দুই ভারতীয় জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

আরম্ভ ওয়েব ডেস্ক
হরমুজে পর পর দুই ভারতীয় জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ভারতীয় নাবিক থাকা দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ওমানের উপকূলের কাছে পর পর দু’টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। প্রথম জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ন’জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ দু’জন। দ্বিতীয় জাহাজে থাকা সমস্ত নাবিক নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রথম হামলার ঘটনা ঘটে নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। রবিবার জাহাজটির উপর একটি ড্রোন আছড়ে পড়ে বলে অভিযোগ। তার পরেই উদ্ধারকাজ শুরু হয়। ন’জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও বাকি দু’জনের এখনও কোনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওমানের উপকূলরক্ষী বাহিনী।

এর পর একই জলপথে চলাচলের সময় আক্রান্ত হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। এই জাহাজেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার ঘটনা ঘটলেও জাহাজের সমস্ত নাবিক সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। নিখোঁজ নাবিকদের সন্ধান এবং উদ্ধার অভিযানের বিষয়ে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।

নয়া দিল্লি দু’টি জাহাজে পর পর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, যে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ভারতীয় প্রশাসনের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেখানে ভারত নীরব থাকবে না। বাণিজ্যিক জাহাজের উপর এই জাতীয় আক্রমণ  গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে এমন ঘটনা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালী-সহ আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে ভারত।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সামরিক উত্তেজনা বাড়িয়ে পরিস্থিতি আরও জটিল করার পরিবর্তে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন। নয়াদিল্লির বক্তব্য, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাণিজ্য এবং নাবিকদের জীবন, দু’ইই  ঝুঁকি ও বিপদের মুখে পড়ে।

এমনিতেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনীর ইরান আক্রমণের পর থেকে হরমুজ় প্রণালীকে ঘিরে উত্তেজনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে ইরান এবং হুঁশিয়ারিও দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

এর আগেও ওমানের উপকূলের কাছে ভারতীয় নাবিক থাকা বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত ৯ অক্টোবর পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই জাহাজে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে তাঁদের প্রত্যেকেই নিরাপদে ছিলেন।

পর পর জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুই ভারতীয় নাবিকের সন্ধান পাওয়াই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বজায় রাখা এবং সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট পক্ষগুলিকে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!