- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৯, ২০২২
মুম্বইয়ের তাজ হোটেলে জাতিসংঘের প্রধানের ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বুধবার ভারত সফরে এসেছেন জাতি সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিন দিনের ভারত সফরের প্রথম দিনে মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে ২০০৮ সালের ২৬/১১ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। হোটেলে ২৬/১১ হামলার স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে গুতেরেস। শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
চলতি বছরের জানুয়ারিতে জাতি সংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় বারের জন্য মেয়াদ শুরু হয়েছে আন্তেনিও গুতেরেসের। দ্বিতীয় বারের জন্য এই পদে বসার পর এটাই প্রথম ভারত সফর তাঁর। এর আগে ২০১৮ সালে গুতেরেস ভারত সফরে এসেছিলেন। বুধবার মধ্যরাতের পর লন্ডন থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে মুম্বইয়ে পৌঁছন গুতেরেস। মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্র সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি দক্ষিণ মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে যান। সেখানে তিনি ২৬/১১ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গুতেরেস মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ‘ইউএন–ইন্ডিয়া পার্টনারশিপ: স্ট্রেংথেনিং সাউথ কোঅপারেশন’ বিষয়ে ভাষণ দেবেন। পরের দিন তিনি গুজরাট যাবেন। ২০ অক্টোবর গুজরাটের কেভাদিয়ায় ‘মিশন লাইফ’ সম্পর্কিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে যোগ দেবেন। কেভাদিয়াতে, গুতেরেস স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে মনে করা হচ্ছে। তিনি গুজরাটের মোধেরায় দেশের প্রথম সৌর-বিদ্যুৎ চালিত গ্রাম এবং এলাকার অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলিও পরিদর্শন করবেন। মুম্বই থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতিসংঘ মহাসচিব মোধেরার সূর্য মন্দিরও পরিদর্শন করবেন বলে একজন কর্তা জানিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস–বিরোধী কমিটির দুই দিনের আলোচনার এক সপ্তাহ আগে ভারত সফরে এসেছেন গুতেরেস। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়গুলি নিয়ে গুতেরেসের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
❤ Support Us







