Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২, ২০২৬

অভিনব প্রচার, লুচি ভাজলেন ঘাসফুল প্রার্থী। আলু-পেঁয়াজের মালায় জনসংযোগ হাত শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনব প্রচার, লুচি ভাজলেন ঘাসফুল প্রার্থী। আলু-পেঁয়াজের মালায় জনসংযোগ হাত শিবিরের

প্রচারে নেমে অন্য ভূমিকায় প্রার্থীরা। সকাল থেকে প্রচার কাজে খিদেয় পেটে ছুঁচোর ডন কর্মীদের। এটা বুঝেই লুচি ভাজতে শুরু করলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। নিজে হাতে কর্মীদের লুচি, আলুর তরকারি খাওয়ালেন। বললেন, ‘আমাকে জেতাতে দলের কর্মী-সমর্থকরা যেভাবে উদয়াস্ত খাটছেন, বলার নয়। তাই নিজের হাতে লুচি ভেজে খাওয়ালাম।’ আর ‘দাদা (স্বপন দেবনাথ) এভাবে সব দিকটা নজর রাখায়’ অভিভূত দলের পূর্বস্থলী ১নং ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে-সহ কর্মী-সমর্থকরা। সেইসঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি ও সিলিন্ডার পেতে মানুষের হয়রানির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন স্বপনবাবু।

একই অভিযোগ তুললেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডলও। সেইসঙ্গে তিনি ঠিক করেছেন, যতদিন না  কৃষকরা আলু ও পেঁয়াজের নায্য দাম পাচ্ছেন, ততদিন আলু আর পেঁয়াজের মালা পরে ‘প্রতিকী প্রতিবাদ’ আর ভোটের প্রচার একসঙ্গে চালিয়ে যাবেন। জানালেন, এই মালা পরেই কালনার মহকুমাশাসক ও পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে যাবেন।

প্রচার পর্বে দেখা গেল সৌজন্যের নমুনাও। কালনা শহরের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো দিতে ঢোকেন কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। সেখানে মুখোমুখি হলেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে। দুজনেই জোড় হাত করে সৌজন্য বিনিময় করলেন। বিজেপিরই এক মহিলা কর্মী রবীন্দ্রনাথের কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেন। উত্তরে  রবীন্দ্রনাথ বলেন, ‘জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্দেমাতরম।’ উল্লেখ্য যে, সিদ্ধার্থবাবু একসময়ে কংগ্রেসেই ছিলেন। দলবদল করে এবার বিজেপির টিকিটে লড়ছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!