Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ১৮, ২০২৬

ইরানে ৫০০০ পাউন্ড ‘বাঙ্কার বাস্টার’ হামলা মার্কিন বাহিনীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানে ৫০০০ পাউন্ড ‘বাঙ্কার বাস্টার’ হামলা মার্কিন বাহিনীর

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে আবারও ইরানের মাটিতে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা। হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার লক্ষ্যে ৫০০০ পাউন্ডের একাধিক ‘ডিপ পেনিট্রেটর’ বা বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বার্তায় সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের উপকূল বরাবর এই হামলা চালানো হয়। মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হচ্ছিল। ওই ঘাঁটিতে থাকা যুদ্ধজাহাজ ও ক্রুজ মিসাইল আন্তর্জাতিক নৌচলাচলের জন্য গুরুতর হুমকি তৈরি করছিল বলে দাবি করা হয়েছে।

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। পোস্টের সঙ্গে হরমুজ প্রণালীর মানচিত্র এবং হামলার নির্দিষ্ট স্থানও তুলে ধরা হয়।

উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পর ইরান গোটা মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। তেহরানের কৌশলের মূল লক্ষ্য হরমুজ প্রণালীকে অচল করে দেওয়া—যা বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম প্রধান পথ। ইতিমধ্যেই ইরান হুঁশিয়ারি দিয়েছে, পশ্চিম এশিয়া থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না।

বিশ্বের প্রায় ২৫ শতাংশ তেল সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে—তেলের দামে ব্যাপক বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলির কাছে হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আবেদন জানান। তবে ব্রিটেন, ফ্রান্স ও ভারতের মতো দেশ সেই আহ্বানে সাড়া দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ন্যাটো দেশগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমেরিকা প্রতি বছর মিত্র দেশগুলির নিরাপত্তার জন্য বিপুল অর্থ ব্যয় করে, কিন্তু প্রয়োজনে তাদের কাছ থেকে সমর্থন পায় না। তিনি আরও জানান, আমেরিকা একাই যথেষ্ট শক্তিশালী এবং ভবিষ্যতে ন্যাটো বা অন্য কোনও দেশের সাহায্যের প্রয়োজন নেই। একই মন্তব্য করেন জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে নিয়েও।

ট্রাম্পের এই কড়া অবস্থানের পরপরই হরমুজ প্রণালীর কাছে ইরানের বিরুদ্ধে এই বড়সড় সামরিক অভিযান চালানো হল, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!