Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৬, ২০২৫

বাণিজ্য চুক্তি নিয়ে আজ ভারত–মার্কিন বৈঠক দিল্লিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বাণিজ্য চুক্তি নিয়ে আজ ভারত–মার্কিন বৈঠক দিল্লিতে

শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির মাঝেই বাণিজ্য চুক্তি নিয়ে আজ আলোচনায় বসতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই দিল্লিতে উপস্থিত হয়েছে মার্কিন প্রতিনিধি দল। আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। যা দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত বহন করছে।

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। এবং তিনি ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তাঁর সেই মন্তব্যের পরেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে। আজ সেই বহু প্রতীক্ষিত বৈঠক হতে চলেছে। এই বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা রাজেশ আগরওয়াল।

গত সপ্তাহে ট্রাম বলেছিলেন যে, ভারতের সঙ্গে তিনি বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করার ব্যাপারে দারুণ আশাবাদী। তাঁর সেই মন্তব্যের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‌বাণিজ্য আলোচনা ভারত ও মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে।’‌ দিল্লির কর্তারা ভারত–মার্কিন এই আলোচনাকে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন। যে চুক্তি ২৭ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানোর কারণে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল।

ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ৫ দফা আলোচনা হয়েছে। ষষ্ঠ দফার আলোচনা ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের কারণে তা বন্ধ হয়ে । ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু ভারতের কৃষি ও দুগ্ধজাত বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রবেশ অধিকার চাওয়া নিয়ে এই চুক্তি অচলাবস্থার মধ্যে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্ট পিটার নাভারো সোমবার বলেছিলেন যে , ভারত এই ব্যাপারে আলোচনার টেবিলে আসছে। সাম্প্রতিক দিনগুলিতে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের ওপর আরও ২৫ শতাংশ জরিমানা আরোপের পর নাভারো ভারত আক্রমণ শুরু করেন। তিনি দিল্লিকে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়নের অভিযোগ তোলেন। ভারত বরাবরই বলে আসছে রাশিয়ার সঙ্গে তার তেল বাণিজ্য কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না। সাংহাই সহযোগিতার শীর্ষ সম্মেলনে চীন, ভারত ও রাশিয়ার একমঞ্চে দাঁড়ানো ট্রাম্পকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তাই ভারতের প্রতি সমঝোতার নীতি গ্রহণ করে রাশিয়া ও চীনের দিক থেকে ভারতকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!