- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক ট্রাম্পের । পুতিনে আস্থা মার্কিন প্রেসিডেন্টের, রুশ-ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে কী মত ব্রিটিশ প্রধানমন্ত্রীর ?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ! আর সেই আস্থার কথা কিনা শুনিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। ট্রাম্পের আশা ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিন প্রতিশ্রুতি রাখবেন। অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবার ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর বেশি জোর দিয়েছেন।
এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আশা করি ইউক্রেনে যুদ্ধবিরতির ব্যাপারে ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি রাখবেন। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন ধরেই আমি পুতিনকে চিনি। আমার মনে হয় না পুতিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন।’ স্টারমার বৈঠকের আগে বলেছিলেন, ‘রক্ষাকবচ ছাড়া যুদ্ধবিরতি হলে পুতিন সুযোগ পেলেই আবার ইউক্রেন আক্রমণ করবেন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন ও ফ্রান্স চাইছে, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক। আর নিরাপত্তার দায়িত্ব নিক ওয়াশিংটন। দ্বিপাক্ষিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সামনে বিষটি তুলে ধরেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার।
ইউক্রেনে শান্তি চুক্তির ব্যাপারেও একসঙ্গে কাজ করার কথাও ট্রাম্পকে জানিয়েছেন স্টারমার। স্টারমার যাওয়ার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মার্কিন সফরে গিয়েছিলেন।
ইউক্রেন–রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সুর নরম করেছেন ট্রাম্প। তবে ইউরোপ মরিয়াভাবে যা চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা দেওয়া নিয়ে কোনও প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছেন ট্রাম্প। ইতিমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্যের বিষয়ে নমনীয় হয়েছেন। এই বিষয়ে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি এটা বলেছিলাম?’
❤ Support Us






