Advertisement
  • বি। দে । শ
  • জুন ২৮, ২০২৪

পাঁচ মাস পরেই ভোট আমেরিকায়, তার আগেই মুখোমুখি বিতর্কে ট্রাম্প-বাইডেন

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঁচ মাস পরেই ভোট আমেরিকায়, তার আগেই মুখোমুখি বিতর্কে ট্রাম্প-বাইডেন

বছরের শেষ দিকে মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে প্রথম নির্বাচনী বিতর্কে মুখোমুখি হলেন যুযুধান দুই পক্ষ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর পূর্বসূরি প্রাক্তন রাষ্ট্রপতি রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ।  ট্রাম্পের থেকে বাইডেন মাত্র তিন বছরের বড়ো। ধারেভারে দুজনেই বার্ধক্যে পৌঁছেছেন ।

চার বছর পর আবার তাঁরা মুখোমুখি। লড়াই যে সমানে সমানে হবে তাঁর পূর্বাভাষ দিয়েছেন দুই রাজনীতিবিদ। সিএনএনের আটলান্টা স্টুডিয়োতে ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’র বিতর্ক মঞ্চে একসঙ্গে উঠলেও প্রথা অনুযায়ী হাত মেলাননি দুজনে। এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগেও ‘বিতর্ক-মঞ্চে’ এমনটা ঘটেছে। তবে সে বছর কোভিড-১৯ বিধি লাগু ছিল বলে সে যাত্রা বিতর্ক এড়ানো গিয়েছে।

বিতর্ক চলাকালীন অশীতিপর বাইডেনকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে শুরু করেন ট্রাম্প। বাইডেন জমানায় আমেরিকার অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য পরিষেবা, গর্ভপাতের অধিকার, জাতীয় নিরাপত্তায় অবহেলা, এমনকি আফগানিস্তান থেক সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে আক্রমণ শানান প্রাক্তন রাষ্ট্রপতি।

তবে বাইডেনও মুখ বুজে তা সহ্য করেননি। পাল্টা আমেরিকায় কোভিড নীতি, ক্যাপিটাল হিংসা নিয়ে সুর চড়িয়েছেন তিনি। যৌন হেনস্থার দায়ে আদালতের জরিমানা  ধার্য করা নিয়ে ট্রাম্পকে একহাত নেন তিনি।বলেন, একজন অপরাধী কীভাবে ভোটে দাঁড়ান তা অবশ্যই ভেবে দেখা প্রয়োজন।
বাইডেন অভিযোগ আনেন ট্রাম্পের আমলে আমেরিকার বেকারত্ব মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছায়, যা  ক্ষমতায় আসার পর তিনি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন। অপরদিকে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন বেআইনি অনুপ্রবেশ রুখতে মোটেও কড়া পদক্ষেপ গ্রহণ করেননি। যে কর্মসংস্থানের কথা তিনি তুলছেন, তা আসলে অনুপ্রবেশকারীদের কাজে লেগেছে। আমেরিকার বাসিন্দাদের তাতে কোনও লাভ হয়নি।

প্রসঙ্গে রাশিয়া ইউক্রেন ও ফিলিস্তিন- ইসরাইল যুদ্ধ পরিস্থিতি উত্থাপিত হয়। ট্রাম্প অভিযোগ করেছেন যে , বাইডেন প্রশাসন আলোচনার মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত করতে ব্যর্থ হয়েছে।  বাইডেন  গাজায় যুদ্ধের জন্য হামাসকে দায়ী করেছেন ।

বাইডেন তাঁর পূর্বসূরির কঠোর অভিবাসন নীতির সমালোচনা করে বলেন, উনি বলপূর্বক মায়েদের থেকে তাদের শিশুকে আলাদা করেছেন। অনুপ্রবেশ রুখতে  তাঁর ‘প্রতিপক্ষের’ পরিচালিত তৎকালীন সরকার অমানবিক আচরণ করেন ।তবে বাইডেনকে ট্রাম্পের সামনে দৃশ্যত বেশ কিছুটা অস্বস্ত্বিতে পড়তে দেখা যায়।

আগামী নভেম্বর মাসে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। জনমত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে যে , বাইডেনের থেকে ট্রাম্প বেশ কিছুটা এগিয়ে আছেন। এমতাবস্থায় বিতর্কে মুখোমুখি দুই প্রার্থীর পরস্পরের প্রতি তীব্র বাক্যবাণে মার্কিন মুলুকের নির্বাচন কতটা প্রভাবিত হয়, তা জানতে এখনও পাঁচ মাস অপেক্ষা করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!