Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধসে আটক ৫০ জনেরও বেশি শ্রমিক। উদ্ধার অভিযান চালচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধসে আটক ৫০ জনেরও বেশি শ্রমিক। উদ্ধার অভিযান চালচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়ংকর তুষারধসে তলিয়ে গেছেন ৫০ জনের বেশি শ্রমিক। ইতিমধ্যে ১০ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, রাষ্ট্রীয় বিপর্যয় মোকাবিলা দল, জেলা প্রশাসন, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন শ্রমিকরা বেসরকারী ঠিকাদারের জন্য রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত ছিল, হঠাৎ তুষারধসে তাঁরা আটকা পড়েছেন।

উত্তরাখণ্ডের মানা থেকে ঘাসটোলির সংযোগকারী জাতীয় সড়কের কাছে ঘটনাটি ঘটেছে। কাছেই বদ্রীনাথ ধাম। আবহাওয়া সূত্রে খবর, গতকাল থেকে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে। ২৮ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ড পুলিশ সদর দফতরের মুখপাত্র আইজি নীলেশ আনন্দ বলেছেন, ‘মানার সীমান্ত এলাকায় বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পের কাছে একটি বিশাল তুষারধসের ঘটনা ঘটেছে, যাতে রাস্তা নির্মাণের কাজ করা ৫৭ জন শ্রমিক আটকা পড়েছেন। এই শ্রমিকদের মধ্যে ১০ জন শ্রমিককে উদ্ধার করে মানার কাছে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।’ জানা যাচ্ছে, ৩ থেকে ৪ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, কিন্তু প্রবল তুষারপাতের কারণে সেখানে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টিপাত ও ঘন তুষারপাতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের একাধিক জাতীয় সড়ক। ধস নামার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লাদাখ জাতীয় সড়কও। রাস্তায় আটকে রয়েছে বহু যানবাহন। রেল পরিষেবা ও বিমান চলাচল ব্যাহত। অনেকদিন পর তুষারপাত হয়েছে পির পঞ্জাল পার্বত্য এলাকার উঁচু এলাকাগুলিতে আর নিচু এলাকাগুলিতে চলছে অবিরাম বৃষ্টিপাত।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলের পর অবস্থার উন্নতি হতে পারে। এরই মধ্যে কাটুয়ায় উঝ নদীর বন্যায় নির্মাণক্ষেত্রে আটকে পড়া ১১ জন শ্রমিককে উদ্ধার করেছে এসডিআরএফ ও পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!