- দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
উত্তরাখণ্ডে খাদে তীর্থযাত্রী বোঝাই বাস। হতাহত বহু, রয়েছেন বাংলা, অসমের যাত্রী
উত্তরাখণ্ডে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলা, অসম, ঝাড়খণ্ডের বাসিন্দাও রয়েছে। আজ সকালে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ–বদ্রীনাথ মহাসড়কের গুলারের কাছে সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে একটা খালে বাসটি পড়ে যায়। বাসটিতে ৩৪ জন যাত্রী ছিলেন। বিশ্বনাথ সেবা পরিচালিত তীর্থযাত্রী বোঝাই বাসটি হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগ যাচ্ছিল। সেইসময় এই দুর্ঘটনা ঘটে।
বাসটি ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর, ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন থাকা রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঋষিকেশের হাসপাতাল এবং সেখানকার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এইমস) নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত এসডিআরএফ দলও পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে পুলিশও সহায়তা করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ২৬ জন আহত যাত্রীকে শনাক্ত করা হয়েছে। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, আহত যাত্রীদের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছেন।
ঝাড়খণ্ডের এশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুমকার বাসিন্দারাও রয়েছেন। এঁরা বিহারের পাটনা ও জেহানাবাদ, আসামের গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। হলদওয়ানি, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, জাসপুর, খাটিমা এবং পিথোরাগড় সহ উত্তরাখণ্ডের বেশ কয়েকজন আহত যাত্রী। তালিকায় দিল্লি ও উত্তরপ্রদেশের যাত্রীরাও রয়েছে। আহতদের মধ্যে গুয়াহাটির ৩ বছর বয়সী এক শিশুকন্যা এবং হলদওয়ানির ৬৪ বছর বয়সী এক মহিলাও রয়েছেন। অজ্ঞাতপরিচয় একজন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েচেন। দুর্ঘটনাস্থলে ওই ব্যক্তির কাছে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় রুদ্রপ্রয়াগে একটা বোলেরো গাড়ি প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে গেলে ৪ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিল। অন্ধকার এবং খাড়া পাথুরে ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলিকে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, অভিযানটি গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। উদ্ধারকারীরা স্ট্রেচারের সাহায্যে ৬ জন আহত যাত্রীকেই গভীর গিরিখাত থেকে রাস্তায় তুলে রাস্তায় নিয়ে আসেন। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
❤ Support Us





