- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের রেকর্ড কোহলির, নজির হার্দিকেরও
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাধিক নজির গড়লেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছনোই নয়, আরও কয়েকটা নজির গড়েছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার। পাশাপাশি নজির গড়েছেন হার্দিক পাণ্ডিয়াও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান থেকে ৩৭ রান দুরে ছিলেন কোহলি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রান করে আউট হন। পাকিস্তানের বিরুদ্ধে ১৫ রান করলেই বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের রেকর্ড গড়তেন। সেই রেকর্ড অনায়াসে করে ফেললেন কোহলি। ১৪ হাজার রান থেকে মাত্র যখন ২ রান দুরে, হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে মাইলস্টোনে পৌঁছে যান।
২৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি। শচীন তেন্ডুলকার ৩৫০ ম্যাচে ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। কুমার সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ম্যাচ। শুধু একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ডই নয়, দ্রুততম ব্যাটার হিসাবে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার রান করার রেকর্ডও কোহলির দখলে।
পাকিস্তান ম্যাচে আরও একাধিক নজির গড়েছেন কোহলি। ভারতের ফিল্ডার হিসেবে একদিনের ক্রিকেটে সর্বাধিক ১৫৮টি ক্যাচ ধরার নজির গড়লেন। এখানেই শেষ নয়, ভারতের প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করলেন। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রোহিত শর্মার। ২০১৭ সালে বার্মিংহ্যামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ বলে ৯১ করেছিলেন রোহিত। ওই ম্যাচেই বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৬৮ বলে ৮১ রান করে।
নজির গড়েছেন হার্দিক পাণ্ডিয়াও। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ২টি উইকেট নেন। বাবর আজমকে তুলে নিয়ে পাকিস্তান শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন হার্দিকই। পরে আউট করেন সৌদ শাকিলকে। সৌদ শাকিলকে আউট করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন হার্দিক পাণ্ডিয়া। ছয় নম্বর ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। একই সঙ্গে শচীনন তেন্ডুলকার, কপিল দেবদের তালিকায় নিজের নাম তুলে ফেললেন হার্দিক।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৩৫৭ রান এবং ২০১টি উইকেট নিয়েছেন। কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটে ৯০৩১ রান এবং ৬৮৭ উইকেট নিয়েছেন। রবি শাস্ত্রী আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৩৮ রান এবং ২৮০টি উইকেট নিয়েছেন। জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৬৪ রান এবং ৬০৪ উইকেট নিয়েছেন। অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৯৪ রান এবং ৭৬৫ উইকেট নিয়েছেন। পাণ্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে রান ৪১৫৭ এবং তাঁর উইকেট সংখ্যা হল ২০০।
❤ Support Us







