Advertisement
  • দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

‘নিজের ভোট নিজে দিন’ : ভোটারদের ভয় কাটাতে কমিশনের অভিনব উদ্যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘নিজের ভোট নিজে দিন’ : ভোটারদের ভয় কাটাতে কমিশনের অভিনব উদ্যোগ

ভোটারদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার, সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন অধিনে হাওড়ায় সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছিল। ভীত, সন্ত্রস্ত্র ভোটারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন তার জন্য বিশেষ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তারা ভোটারদের বাড়ি গিয়ে অভয় দিচ্ছে। সাংস্কৃতিক দিকের ব্যবহারও পূর্ণমাত্রায় করা হচ্ছে।

এমনই কর্মসূচি নিয়ে দিনভর পথ  নাটিকার মাধ্যমে কাটোয়া মহকুমা এলাকার বিভিন্ন স্থানে প্রচার চালাল কমিশনের নাটকের দল। নাটিকার মূল শ্লোগান, ‘নিজের ভোট নিজে দিন।’ এই শ্লোগানকে সামনে রেখে ছোট ছোট সংলাপের মাধ্যমে আয়োজিত পথ নাটিকা দেখতে ভিড় জমান সাধারণ ভোটাররা। কাটোয়া মহকুমা নির্বাচন কমিশনের উদ্যোগে এই পথ নাটিকার কুশীলবরা নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে কীভাবে ভোট দেবেন, ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিটের অবস্থান, বুথের ভিতরের পরিবেশ সম্পর্কিত অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি তুলে ধরেন।

নাটকের মাধ্যমে বিষয়গুলি উঠে আসায় ভোটাররা সহজেই ভোটদান প্রক্রিয়ার খুঁটিনাটি  বুঝতে পারেন। কাশীনাথ দাস নামে এক অভিনেতা জানান, ‘পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় নাট্য শিল্পীরা ‘নিজের ভোট নিজে দিন’ নাটিকার মাধ্যমে ভোটারদের মনোবল বাড়ানোর দায়িত্ব পালন করছেন। রোদ-গরমের মধ্যেও আমাদের নাটক দেখতে ভোটারদের ভিড়ে আমরা অভিভূত।’

টহলের সময় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন। পূর্ব বর্ধমান  জেলাজুড়ে হাজারের কাছাকাছি সন্ত্রস্ত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম-ঠিকানা, ফোন নম্বর নেওয়া হয়েছে। বিগত নির্বাচনগুলিতে ছোটো-বড়ো অশান্তি হওয়া বা নির্বাচনের পর হিংসার ঘটনা ঘটা বুথগুলিকে চিহ্নিত করা হচ্ছে। এ পর্যন্ত এমন বুথের সংখ্যা ৪৮১টি। সন্ত্রাসমুক্ত, অবাধ নির্বাচনের জন্য জেলার ১৬টি বিধানসভার প্রত্যেকটিতে ১ জন সাধারণ পর্যবেক্ষক, ৫ জন পুলিশ পর্যবেক্ষক ও ৬ জন করে ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আর ভয়মুক্ত পরিবেশ রচনা করে ভোটাধিকার প্রয়োগের বার্তা নিয়েই জেলাজুড়ে চক্কর দিচ্ছে পথনাটিকার দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!