- দে । শ
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
কাটোয়ায় বিস্ফোরণ। শুরু রাজনৈতিক চাপানউতোর
কেতুগ্রাম ১নং ব্লকের চেঁচুরি গ্রামে রবিবার রাতে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রাথমিক অনুমান, মজুত বোমা থেকেই বিস্ফোরণের ঘটনা। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বললেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কী কারণে ঘটনা ঘটল, তার তদন্ত হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনায় কারা জড়িত, তার সন্ধান চলছে।’ পুলিশ ও এলাকা সূত্রের খবর, চেঁচুরি গ্রামের প্রান্তে একটি মাটির বাড়ি প্রায় ১৫ বছর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়িটি ভাঙাচোরা। বাড়ি লাগোয়া এলাকাতে একটি শৌচাগার রয়েছে। সেই শৌচাগারে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে, পুরো বাথরুমটাই শুধু উড়ে যায়নি, আশপাশের নির্মাণও ক্ষতিগ্রস্ত। ঘটনার সময় ভিতরে কেউ ছিল কিনা, বোঝা যাচ্ছে না। তবে এলাকার লোকজনের ধারণা, কোনো অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ওখানে বোমা মজুত করেছিল কিংবা ওখানে বসে বোমা বাঁধছিল। বিস্ফোরণের তদন্তে সুবিধের জন্য বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রের খবর।
গত ১২ মে খুন হন এই গ্রামেরই তৃণমূল কর্মী মিন্টু শেখ। লাগোয়া সুবিপুর গ্রাম থেকে দলীয় কর্মসূচি সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে গুলি করে বোমা মেরে খুন করা হয় মিন্টুকে। বিস্ফোরণের ঘটনার পর মিন্টু খুনের স্মৃতিই উসকে উঠেছে। মিন্টু খুনের পর তৃণমূল কাঠগড়ায় তোলে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের। বিজেপি পাল্টা ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব’র দিকে আঙুল তোলে। বিস্ফোরণের পরও সিপিএম-তৃণমূলে চাপানউতোর শুরু হয়েছে। সিপিএমের দাবি, মিন্টু খুনের বদলা নিতে বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন ওখানে বোমা মজুত করেছিল। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনেওয়াজের দাবি, ‘পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করুক।’
❤ Support Us





