- দে । শ
- মার্চ ১৩, ২০২৬
সবজি ও মাছ বিক্রেতাদের জন্য দ্বিতল ভবন উদ্বোধন কৃষি বিপণন দফতরের
খোলা আকাশের নীচে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, শীতে কেঁপে সবজি, মাছ বিক্রির যন্ত্রণার দিন শেষ। বিক্রেতাদের জন্য দোতলা পাকা বাজার তৈরি করে দিল পূর্ব বর্ধমান জেলা কৃষি বিপণন দফতর। খরচ হয়েছে ৪৪ লক্ষ ৪৪ হাজার ৯০৩ টাকা।
পূর্বস্থলী ১নং ব্লকের বিদ্যানগরে তৈরি বাজারের এই পাকা ভবনের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জেলা কৃষি বিপণন দফতরের চেয়ারম্যান তথা জেলাশাসককে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শুধু পাকা বাড়ি তৈরিই নয়, এই এলাকা দিয়ে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎবাহী তার গিয়েছিল।
কৃষি বিপণন দপ্তর বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে ১১ লক্ষ টাকা খরচ করে এই তার অন্যত্র সরিয়েছে। এর ফলে এলাকার মানুষজনের এখন এখানে দোতলা বা তিনতলা বাড়ি তৈরি করতে আর সমস্যায় পড়বেন না।’ দীর্ঘদিন ধরে এই রাস্তার দু’পাশে মাছ, সবজি নিয়ে বসতেন বিস্তীর্ণ এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছিল। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছিল।
ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ স্থায়ী বাজার তৈরির উদ্যোগ নেন। বাজারের মধ্যেই তৈরি হয়েছে সুলভ শৌচাগার ও পানীয় জলের সুব্যবস্থা। বাজার-ভবন উদ্বোধন করে স্বপনবাবু প্রশ্ন তোলেন, ‘এই যে মাথার উপর ছাদ ছিল না, ছাদ হল। এটা পরিবর্তন নয়? এই রাস্তায় শের শাহের আমলে তৈরি লোহার সেতু ছিল। বেহাল অবস্থা হওয়ায় গাড়ি-ঘোড়া যেতে পারছিল না। এখন পাকা সেতু হয়েছে? এটা উন্নয়ন নয়? ঝাঁ-চকচকে রাস্তা হল। এটা পরিবর্তন নয়?’
❤ Support Us






