Advertisement
  • দে । শ
  • জুলাই ১৬, ২০২৬

সরকারি বইমেলায় দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি বইমেলায় দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে আয়োজিত সরকারি বইমেলাগুলিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, সরকারি অর্থ ব্যয় করে জেলা ও মহকুমা স্তরের বইমেলাগুলিতে তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রকাশকদের বই বিপুল পরিমাণে কেনা হয়েছিল, যার মাধ্যমে তৎকালীন শাসকদলকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়।

বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে অনুষ্ঠিত ‘জনতার দরবার’-এর পর এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্বের একাংশ। বৈঠকে বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অভিযোগকারীদের বক্তব্যও মনোযোগ দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী।
সূত্রের দাবি, তৃণমূল সরকারের সময়ে সরকারি অর্থে নির্দিষ্ট কিছু ঘনিষ্ঠ লেখক ও প্রকাশকদের বই ব্যাপক হারে কেনা হয়েছিল। অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি তহবিলের অপব্যবহার করে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মহলকে আর্থিক সুবিধা দেওয়া হয়। এসব অভিযোগ সামনে আসতেই গোটা বিষয়টি দ্রুত ও বিস্তারিতভাবে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাটমানির অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত ওই কমিশনে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। ইতিমধ্যেই কমিশন তাদের তদন্তের কাজ শুরু করেছে।

এরই মধ্যে পূর্বতন তৃণমূল সরকারের আমলের একের পর এক প্রকল্প ও সরকারি কর্মসূচিকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে আসছে। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন সরকারি উদ্যোগের পর এবার সরকারি বইমেলাকেও কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!