Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৫

৭ মে উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ

আরম্ভ ওয়েব ডেস্ক
৭ মে উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ

আগামী ৭ মে, উচ্চ-মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে দেখা যাবে রেজাল্ট। ৮ মে রেজাল্ট ও শংসাপত্র পরিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

মাধ্যমিকের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। সোমবার তারা ঘোষণা করেছে, আগামী ৭ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। বেলা ১২:৩০-এ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফল দেখতে পারবেন। পরের দিন অর্থাৎ ৮ মে রাজ্যের ৫৫টি নির্দিষ্ট কেন্দ্র থেকে স্কুল প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে, যা ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগে জানিয়েছিলেন, মাধ্যমিকের ফল প্রকাশের ২-৩ সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। যদিও পূর্ব ঘোষণা মে মাসের মাঝামাঝি বদলে মাসের শুরুতেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হচ্ছে। পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন https://resuh.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। দেখা যাবে https://results.digilocker.gov.in/ ক্লিক করেও। www.results.shiksha ও https://www.results.shiksha/ -তেও দেখা যাবে রেজাল্ট।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৩ মার্চ শুরু হয়ে ১৮ মার্চ শেষ হয়েছিল। এবারই শেষবারের মতো পুরনো পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর যেখানে প্রায় ৭.৯ লাখ পরীক্ষার্থী ছিল, এবছর তা কমে হয়েছে প্রায় ৫.১ লাখ। যদিও বহু ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসেনি। কেন এত বিশাল সংখ্যক অনুপস্থিতি ঘটেছে, তার কোনও সুস্পষ্ট কারণ সংসদ জানাতে পারেনি পর্ষদ, যা বর্তমান শিক্ষা নীতির পরিকল্পনা নিয়ে গভীর প্রশ্ন তোলে। তবে পরীক্ষার্থী সংখ্যা হ্রাসের বিষয়ে সংসদ জানিয়েছে, যাঁরা এবছর পরীক্ষায় বসেননি, তাঁরা আগামী বছর বসার সুযোগ পাবেন। বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার্থীর এই পতন শিক্ষাব্যবস্থার প্রতি এক শ্রেণির পড়ুয়াদের অনীহা বা আর্থ-সামাজিক সমস্যার ইঙ্গিত দেয়। এবছর প্রথমবারের মতো অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ ছিল, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ছিল এবং পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও সিসিটিভি নজরদারির ব্যবস্থাও ছিল। কড়া ব্যবস্থা গ্রহণের পরেও রাজ্যজুড়ে বেশকিছু পরীক্ষাকেন্দ্র থেকে অনিয়ম ও পড়ুয়াদের অনৈতিকভাবে উত্তরপত্র লেখার অভিযোগ সামনে এসেছিল। পরীক্ষাচলাকাকালীন বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সামনে আসে। এর জেরে ২ জনকে গ্রেফতারও করা হয়। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক সিম কার্ড, অর্থও মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রসঙ্গত, পরবর্তী পর্যায় থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল হচ্ছে। এদিন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২ টি সেমিস্টারে ভাগ করা হবে। এতে শিক্ষার্থীদের ওপর চাপ কমবে এবং ধারাবাহিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে সুষ্ঠু পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে পরীক্ষার মাত্র ৭০ দিন পর, ২ মে। এটি পর্ষদের দ্রুততার নিদর্শন হলেও, ফলাফল যাচাই ও মূল্যায়নের গুণগত মান বজায় রাখা কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন উঠে। সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা হবে এবং কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখতে পারবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!