- দে । শ
- আগস্ট ১, ২০২৬
চিহ্নিত ১৫ হাজার পার্কিং জোন । মহানগরে এবার স্মার্ট পার্কিং অ্যাপ
কলকাতার যানজট কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। বেআইনি জবরদখল এবং যত্রতত্র গাড়ি পার্কিং রুখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি চালু হতে চলেছে একটি বিশেষ স্মার্ট পার্কিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে চালকরা সহজেই জানতে পারবেন শহরের কোন এলাকায় কোন পার্কিং স্পটে গাড়ি রাখার জন্য খালি জায়গা রয়েছে। ফলে পার্কিং খুঁজতে অযথা সময় নষ্ট হবে না এবং ট্রাফিক ব্যবস্থাপনাও আরও আধুনিক হবে।
এর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন, নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া আর কোথাও গাড়ি পার্ক করা যাবে না। সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরই শহরের ট্রাফিক ব্যবস্থায় একাধিক পরিবর্তনের ঘোষণা করা হয়।
সূত্রের খবর, কলকাতা পুরসভার (কেএমসি) এলাকায় প্রায় ১৫ হাজার অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। এই পার্কিং জোনগুলিকে ধাপে ধাপে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। পুরমন্ত্রীর জানানো মতে, দুর্গাপুজোর আগেই নতুন পার্কিং অ্যাপ চালুর লক্ষ্যে কাজ চলছে।
শুধু পার্কিং অ্যাপই নয়, এবার থেকে রাস্তায় যত্রতত্র ক্যাব পার্ক করে রাখার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনও রাস্তা, পাড়ার মোড় বা জনবহুল এলাকায় দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
এ প্রসঙ্গে পুরমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “নিজের জায়গা মনে করে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। পার্কিং স্পেস ব্যবহারের জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে।”
এছাড়াও নাইট পার্কিংয়ের জন্যও চালু করা হচ্ছে নির্দিষ্ট নিয়ম ও ফি। একই সঙ্গে ফুটপাথে বাইক বা গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। প্রশাসনের আশা, নতুন এই ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালু হলে শহরে অবৈধ পার্কিং অনেকটাই কমবে, যানজট নিয়ন্ত্রণে আসবে এবং কলকাতার ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও আধুনিক হবে।
❤ Support Us





