Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৬

রায়গঞ্জে এআইএমস গড়ার প্রস্তাব, কেন্দ্রকে চিঠি নবান্নের

আরম্ভ ওয়েব ডেস্ক
রায়গঞ্জে এআইএমস গড়ার প্রস্তাব, কেন্দ্রকে চিঠি নবান্নের

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) বা এমস হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রায়গঞ্জের জনসভা থেকে এমস তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর কথা ঘোষণা করার পরেই রাতের মধ্যে নবান্ন থেকে সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হল দিল্লিতে। হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যেই রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়ে উত্তরবঙ্গে এমস স্থাপনের প্রস্তাব জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রায়গঞ্জে এমস গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হয়েছে। জমি সংক্রান্ত বিস্তারিত তথ্যও দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। পাশাপাশি, জমি পরিদর্শন এবং হাসপাতাল তৈরির প্রাথমিক প্রস্তুতির ক্ষেত্রে কেন্দ্রকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য।

চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন, উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রস্তাবের মূল লক্ষ্য। রায়গঞ্জে এমস তৈরি হলে শুধু উত্তরবঙ্গ নয়, পার্শ্ববর্তী উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষও উপকৃত হবেন। উন্নত চিকিৎসার জন্য রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আর দূরবর্তী শহরে ছুটতে হবে না। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণার পরিকাঠামোও আরও শক্তিশালী হবে। তাই প্রস্তাবটি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

এর আগে বৃহস্পতিবার রায়গঞ্জের জনসভা থেকেই এমস হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রায়গঞ্জের দিকনগর এলাকায় এমস গড়ে তোলার প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

শুধু রায়গঞ্জ নয়, জলপাইগুড়ির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি। জনসভায় শুভেন্দু বলেন, ‘‘সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এমস তৈরি করার প্রস্তাব আমরা ভারত সরকারের কাছে পাঠাব। জলপাইগুড়িকেও নিরাশ করব না। জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল হবে, এখান থেকে সেই ঘোষণা করলাম। শুভেন্দুর সরকার আপনাদের সঙ্গে আছে।’’

এ দিন উত্তর দিনাজপুরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ৩০টি প্রকল্পের উদ্বোধন এবং ৮৩টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। আগামী দিনে জেলার স্বাস্থ্য পরিষেবা ও সামগ্রিক পরিকাঠামোর আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

শুভেন্দু অধিকারী জানান, জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবার চেহারা বদলে দেওয়া হবে। পাশাপাশি স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনাও রয়েছে। দমকল পরিষেবা আরও উন্নত করতে ইতিমধ্যেই ছ’টি নতুন দমকলের গাড়ি এসে পৌঁছেছে। এছাড়া জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স আনার ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালুর কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে রায়গঞ্জে এমস, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপের পথে এগোচ্ছে রাজ্য সরকার। তবে রায়গঞ্জে এমস তৈরির চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ও পরবর্তী পদক্ষেপের উপর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!