- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩০, ২০২৬
সাউথ সিটি কমপ্লেক্সের ২৮ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর বর্তমানে আগুন অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে, হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে জানা যাবে, জানিয়েছে দমকল বাহিনী।
দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৮টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ইঞ্জিন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী সময়ে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়। আগুনের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আবাসনের ওই ফ্ল্যাটের জানলা দিয়ে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।
দমকল পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসনের নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে আবাসনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ফ্ল্যাটের ভিতরেও কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর।
দমকল সূত্রে আরও জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও আপাতত নেই। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে এখনও কিছু কাজ বাকি রয়েছে। ফ্ল্যাটের বিভিন্ন অংশ, কোনো কোণে আগুনের অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র প্রতিনিধিরাও পরিস্থিতির উপর নজর রাখছেন। কী কারণে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে, সাতটি দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছেন দমকল ও প্রশাসনের আধিকারিকরা।
❤ Support Us







