Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২২, ২০২৬

মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ১৪ মে, জানাল শিক্ষা সংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ১৪ মে, জানাল শিক্ষা সংসদ

রাজ্যে বিধানসভা ভোটপর্ব শেষ হওয়ার পরই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী ৪ মে ভোটের গণনা সম্পন্ন হবে, সে সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই প্রথমে মাধ্যমিকের ফল এবং তার পরের সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

মাধ্যমিকের ফল ঘোষণা হবে ৮ মে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এরপরই ১৪ মে সকাল সাড়ে ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওইদিন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে এবং সেখান থেকেই মেধাতালিকাও প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে তাদের ফল দেখতে পারবে। পাশাপাশি, সংশ্লিষ্ট স্কুলগুলিতেও মার্কশিট পাঠানো হবে, যেখান থেকে ছাত্রছাত্রীরা সরাসরি তাদের ফল ও মার্কশিট সংগ্রহ করতে পারবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বিজ্ঞপ্তি জারি করে এ সংক্রান্ত সমস্ত তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। সেই হিসেবে প্রায় ৭৮ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে, যা যথেষ্ট দ্রুত বলে মনে করা হচ্ছে। এবারের ফলপ্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মূলত বিধানসভা ভোটের কারণে। এসআইআর ও ভোটের ডিউটিতে বহু শিক্ষক নিয়োজিত থাকায় খাতা মূল্যায়ন সময়মতো সম্পন্ন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শিক্ষকরা অতিরিক্ত চাপ সামলে নির্ধারিত সময়ের মধ্যেই মূল্যায়নের কাজ শেষ করেছেন। ফলে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!