- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৬, ২০২৬
সপ্তম পে কমিশন গঠনের পথে বড়ো পদক্ষেপ রাজ্যের? প্রশাসনিক প্রস্তুতির ইঙ্গিত দিয়ে জারি বিজ্ঞপ্তি
দীর্ঘদিনের জল্পনা, ক্ষোভ আর অপেক্ষার পর অবশেষে সপ্তম পে কমিশন গঠনের পথে প্রশাসনিক স্তরে নড়াচড়ার ইঙ্গিত মিলল। রাজ্য সরকারের একটি সাম্প্রতিক নির্দেশিকাকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট বেতন ও ভাতা সংক্রান্ত প্রস্তাব পরবর্তী পে কমিশনের বিবেচনার জন্য প্রস্তুত রাখতে হবে। যদিও এখনো পর্যন্ত কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে প্রশাসনিক মহলের একাংশ যেমন এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছে, তেমনই কর্মচারী সংগঠনগুলির একাংশের দাবি, সরকারকে এবার স্পষ্ট অবস্থান জানাতেই হবে।
জারি হওয়া ওই সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, অর্থ দফতরের পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন প্রশাসনিক দফতরের প্রস্তাব ভবিষ্যৎ পে কমিশনের কাছেই পাঠানো হবে। সে কারণেই কমিশন গঠনের পর যাতে কোনো বিলম্ব না হয়, তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকেই শুরু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। প্রশাসনিক সূত্রের মতে, এই নির্দেশিকা কার্যত ইঙ্গিত দিচ্ছে যে, নতুন পে কমিশন গঠনের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস দিয়েছিলেন। পরে তিনি জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই কমিশন গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে সরকারের। সেই ঘোষণার পর বেশ কয়েক মাস কেটে গেলেও এ বিষয়ে সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক অগ্রগতি প্রকাশ্যে আসেনি। ফলে, সাম্প্রতিক নির্দেশিকাকে ঘিরে কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এ মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন, কমিশন গঠন কবে? কারণ, নির্দেশিকায় কোথাও কমিশন গঠনের সরকারি আদেশের উল্লেখ নেই। আবার নতুন বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা (ডিএ) কিংবা অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কর্মচারীদের একাংশের মতে, প্রশাসনিক প্রস্তুতি শুরু হলেও প্রকৃত চিত্র পরিষ্কার হবে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরেই। কর্মচারী সংগঠনগুলির প্রতিক্রিয়াও একরকম নয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের মতে, বর্তমান সরকার বিরোধী দলে থাকাকালীন সরকারি কর্মচারীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিল। সে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে পে কমিশন সংক্রান্ত এই পদক্ষেপকে তিনি ইতিবাচক বলেই মনে করছেন। তাঁর আশা, ঘোষণার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না, দ্রুত কমিশন গঠন করে সুপারিশ বাস্তবায়নের দিকেও সরকার এগোবে।
অন্যদিকে, বাম সমর্থিত কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর বক্তব্য, সপ্তম পে কমিশনের দাবি দীর্ঘদিনের। সরকার বাজেটে তার ইঙ্গিত দিয়েছে, এখন প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে কমিশন কার্যকর করার আগে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনায় বসা উচিত বলে তিনি মনে করেন। আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এখনো কমিশন গঠনের সরকারি আদেশ প্রকাশিত হয়নি, অথচ বিভিন্ন দফতরের কাছ থেকে প্রস্তাব চাওয়া হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সরকারের উচিত, এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের ডেপুটি সেক্রেটারির পাঠানো চিঠিতে আগের একটি মেমোর উল্লেখ করে বলা হয়েছে, অর্থ দফতরের ‘গ্রুপ-পি১’ শাখা সুপারিশ করেছে যে, সংশ্লিষ্ট প্রস্তাবগুলি পরবর্তী পে কমিশনের কাছেই পাঠানো হোক। সেই সুপারিশের ভিত্তিতেই দফতরগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে কার্যকর রয়েছে ‘রোপা ২০১৯’ বা ষষ্ঠ পে কমিশন। তার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সে কারণেই সরকারি কর্মীদের একাংশের প্রত্যাশা, নতুন কমিশনের সুপারিশ কার্যকর হলে বেতন কাঠামোয় বড়োসড়ো পরিবর্তন আসতে পারে। যদিও সরকার এ পর্যন্ত নতুন কমিশন কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
এরই মধ্যে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়েও নানা মহলে জল্পনা চলছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, নতুন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২ থেকে ২.৫-এর মধ্যে থাকতে পারে। আবার অন্য একটি মত অনুযায়ী, কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তা ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যেও নির্ধারিত হতে পারে। যদিও, প্রশাসনিকভাবে এ বিষয়েও এ পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। ফলে সমস্ত আলোচনাই আপাতত অনুমাননির্ভর বলেই মনে করছেন সরকারি কর্মচারিদের একাংশ।
তবে এ কথা নিশ্চিতভাবেই বলায় যায়, সপ্তম পে কমিশন কার্যকর হলে শুধু মূল বেতনই নয়, মহার্ঘ ভাতা-সহ একাধিক ভাতা পুনর্বিবেচনার সম্ভাবনাও রয়েছে। ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে সে সিদ্ধান্ত নির্ভর করবে কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের উপর। আপাতত প্রশ্ন একটাই— কবে প্রকাশিত হবে সপ্তম পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং ঠিক কী রূপরেখা নিয়ে এগোবে রাজ্য সরকার।
❤ Support Us








