Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাজেটে মেলেনি সুরাহা ! আশা কর্মীদের পর পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজেটে মেলেনি সুরাহা ! আশা কর্মীদের পর পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

রাজ্য বাজেটে মাসিক ভাতা মাত্র ১ হাজার টাকা বাড়ানোর ঘোষণাকে ‘চরম অপমান’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করলেন পার্শ্বশিক্ষকরা।  করুণাময়ী থেকে মিছিল করে শিক্ষা দফতরের সদর দফতরের দিকে এগোতেই সল্টলেক এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা। বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। মুহূর্তে অচল হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

ভোটের আগে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক–সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ১ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। দীর্ঘ দিন পর ভাতা বৃদ্ধির ঘোষণায় প্রথমে আশাবাদ তৈরি হলেও, দ্রুতই তা ক্ষোভে বদলে যায়। পার্শ্বশিক্ষকদের একাংশের দাবি, আট বছর পরে এই সামান্য বৃদ্ধির মাধ্যমে তাঁদের সমাজের চোখে হেয় করবার চেষ্টা হয়েছে। এদিন দুপুরে করুণাময়ী এলাকা থেকে মিছিল শুরু করেন পার্শ্বশিক্ষকেরা। ‘ধিক্কার’ স্লোগান তুলে তাঁরা বিকাশ ভবনের দিকে এগোতেই পিএনবি মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। গার্ডরেল টপকে এগোনোর চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েক জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে পুলিশ প্রশাসন।

আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৮ সালে প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা ১০ হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। তার পর দীর্ঘ সময় কোনও সংশোধন হয়নি। এ বারের বাজেটে সেই ভাতা প্রাথমিক স্তরে ১১ হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে। কিন্তু মূল্যবৃদ্ধি ও কাজের চাপের নিরিখে এই বৃদ্ধি ‘নগণ্য’ বলেই মত আন্দোলনকারীদের। এক পার্শ্বশিক্ষক বলেন, ‘আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।  তবু আমরা সেই এক হাজার টাকা ফেরত দিতে এসেছি।’ আর এক আন্দোলনকারীর দাবি, ‘২০২৪ সালের মার্চ মাসে শিক্ষা দফতর থেকে নবান্নে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, সেখানে প্রাথমিক স্তরে ২৮ হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরে ৩২ হাজার টাকা ভাতার কথা বলা ছিল। সেই জায়গায় মাত্র এক হাজার টাকা বাড়ানো হল কেন?’

শুধু ভাতা বৃদ্ধি নয়, স্থায়ীকরণ এবং নির্দিষ্ট বেতন কাঠামো চালুর দাবিতেও সরব হয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পার্শ্বশিক্ষকদের বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রতীকী ভাতা বৃদ্ধির মাধ্যমে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকেরা। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!