- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৬
পুরভোটের আগে ফের রাজ্য পুলিশে রদবদল, কলকাতা ও উত্তরবঙ্গে একাধিক শীর্ষ পদে বদলি
পুরভোটের আগে রাজ্য পুলিশে ফের বড়োসড়ো রদবদল। শুক্রবার জারি হওয়া বদলির নির্দেশিকায় একসঙ্গে ২৩ জন আইপিএস অফিসারের দায়িত্বে পরিবর্তন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, শহরের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আধিকারিকদের। পাশাপাশি কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনেও একাধিক বদল করা হয়েছে। আইপিএস আধিকারিকদের পাশাপাশি কয়েকজন ডব্লিউপিসিএস অফিসারকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইবি-র আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজ্য পুলিশের এসটিএফের আইজিপি পদে থাকা সুধীরকুমার নীলকান্তমকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। ২০০৯ ব্যাচের আইপিএস আধিকারিক সুখেন্দ হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে নিয়োগ করা হয়েছে। এতদিন তিনি রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে ছিলেন। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নতুন যুগ্ম কমিশনার হয়েছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। তিনি এর আগে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে দায়িত্ব সামলেছেন। তাঁর জায়গায় জয়েন্ট সিপি ট্রাফিক পদে থাকা আইপিএস সূর্যপ্রতাপ যাদবকে ডিআইডি, আইবি পদে পাঠানো হয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সেখানে ডিসি পদে দায়িত্ব পাচ্ছেন কুন্তল বন্দ্যোপাধ্যায়।
শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনেও একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। সালিমা লামাকে আলিপুরদুয়ার হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পঙের পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। অন্যদিকে, কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকা কুণাল বর্ণবাসকে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। পুরভোটের আগে এই ধারাবাহিক রদবদলের ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ—রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ পদে নতুন আধিকারিকরা দায়িত্ব নিতে চলেছেন।
❤ Support Us







