Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৬

কোয়েলের ফাঁকা আসনে এবার কে ? রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
কোয়েলের ফাঁকা আসনে এবার কে ? রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর এ বার রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। আর সেই নির্বাচনও হতে চলেছে দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যসভার এই অন্তর্বর্তী নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোয়েলের আসনের পাশাপাশি একই সময়ে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যসভা সাংসদ পদ থেকে একে একে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের একাধিক সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। গত ১৬ জুলাই সাংসদ পদ ছাড়েন অভিনেত্রী কোয়েল মল্লিকও। পরে সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশচিক — তিন জনকেই ফের রাজ্যসভায় পাঠানো হয়। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল, কোয়েলকেও কি ফের রাজ্যসভায় পাঠানো হবে ? তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল নানা জল্পনা ।

গত ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল। তাঁর সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। মার্চে রাজ্যসভার ভোটে জয়ী হয়ে সাংসদ হন কোয়েল। তবে সাংসদ হওয়ার পর থেকে সংসদের কোনো অধিবেশনেই যোগ দেননি তিনি। চলতি বছরের বাদল অধিবেশনই তাঁর প্রথম অধিবেশন হতে পারত। তার আগেই অবশ্য সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি।

ইস্তফার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের সাক্ষাৎ রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়ে দেয়। কারণ, লোকসভায় তৃণমূলত্যাগী কয়েক জন সাংসদ এর আগে একাধিক বার ভূপেন্দ্রের দিল্লির বাসভবনে বৈঠক করেছিলেন। পরবর্তী সময়ে ওই বিদ্রোহী সাংসদেরা ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দেন। বর্তমানে তাঁরা কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক। এ পরিস্থিতিতে কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিন ভোটগ্রহণের পর এই আসনে নতুন সাংসদ নির্বাচিত হবেন। এখন নজর, ওই আসনে কোন দল কাকে প্রার্থী করে এবং কোয়েল মল্লিকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার কোনো নতুন দিক প্রকাশ্যে আসে কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!