- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৬
‘এসআইআর’ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ভিন রাজ্য থেকে বিচারক আনার নির্দেশ শীর্ষ আদালতের
পশ্চিমবঙ্গে চলমান ‘এসআইআর’ কার্যক্রম সম্পন্ন করতে ভিন রাজ্য থেকে বিচারক নিয়ে আসার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের পক্ষ থেকে হাই কোর্টে জানানো হয়েছিল যে, তথ্যগত অসঙ্গতি যাচাই ও নিষ্পত্তি করার জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই। প্রতি দিন ২৫০টি মামলা নিষ্পত্তি করলেও মোট ৮০ দিনের বেশি সময় লাগবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এই পরিস্থিতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত বিচারকদের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক আনা যেতে পারে। উক্ত দুই রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারপতিদেরও এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।
রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেন যে, অন্য রাজ্য থেকে আসা বিচারকরা বাংলা ভাষা বুঝতে পারবেন না। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই। ঐতিহাসিকভাবে ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল, তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরন থেকে কিছুটা বোঝা সম্ভব হবে।”
পশ্চিমবঙ্গে প্রায় ৮০ লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড তালিকা রয়েছে। জেলা ও অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন বিচারবিভাগীয় অফিসারকে প্রায় ৫০ লক্ষ দাবির যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানান, হাই কোর্টের প্রধান বিচারপতি তিন বছর বা তার বেশি অভিজ্ঞতার সিভিল জজদের (সিনিয়র ও জুনিয়র ডিভিশন) নথি যাচাই কাজে অন্তর্ভুক্ত করতে পারবেন। এছাড়া, ওড়িশা ও ঝাড়খণ্ড হাই কোর্টের প্রধান বিচারপতিদেরও অনুরোধ করা হয়েছে যে, কলকাতা হাই কোর্টের কোনও আবেদন এলে তা জরুরি ভিত্তিতে বিবেচনা করতে হবে।
❤ Support Us






