Advertisement
  • দে । শ
  • মার্চ ২৫, ২০২৫

যাত্রাশিল্পের প্রসারে কর্মশালা পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
যাত্রাশিল্পের প্রসারে কর্মশালা পূর্বস্থলীতে

তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার যাত্রাশিল্পের প্রসার বেড়েছে। শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও এখন যাত্রাপালা আয়োজিত হচ্ছে। এতে শিল্প ও শিল্পীরা প্রভূত উপকৃত হচ্ছেন। সরকারও শিল্পীদের ভাতার ব্যবস্থা করে শিল্পে অক্সিজেন জোগাচ্ছে। দাবি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের। পূর্বস্থলীর তেলেনিওপাড়ায় স্বাধীন ভারত নাট্যসংস্থা আয়োজিত ‘যাত্রাশিল্প, লোক শিক্ষা ও সমাজচেতনা’ শীর্ষক আলোচনাচক্রের সূচনা করলেন স্বপনবাবু। ছিলেন যাত্রা গবেষক আনোয়ারা হোসেন, পালাকার মেঘদূত গঙ্গোপাধ্যায় (ভৈরব গঙ্গোপাধ্যায়ের পুত্র), বিশিষ্ট যাত্রাভিনেত্রী লতা দেশাই, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বিধায়ক তপন চ্যাটার্জি, অভিনেতা অশোক বিশ্বাস, পূর্বস্থলী কলেজের অধ্যক্ষ বিভাসচন্দ্র সাহা প্রমুখ।

বক্তব্যে মন্ত্রী স্বপন স্মরণ করেন, চৈতন্যদেবের হাত ধরে বাংলায় যাত্রাপালা শুরু হয়েছিল। তিনি লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন। ১০ হাজার বৈষ্ণব সেই অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন। মন্ত্রী জানান, ‘যাত্রা মানুষকে লোকশিক্ষা দেয়। বহু মানুষ যাত্রা করে জীবন ধারণ করেন।’ উল্লেখ্য যে পূর্বস্থলীর রাজাপুর-ভাতশালায় জন্ম আধুনিক যাত্রাপালার রূপকার মতিলাল রায়ের। তাঁর লেখা যাত্রাপালা রাশিয়া, পাকিস্তান-সহ সারা ভারতে অভিনয় হত। শ্রীরামকৃষ্ণ মতিলাল রায়ের লেখা যাত্রাপালার অভিনয় দেখে ভাবসমাধিস্থ হয়েছিলেন। স্বপনবাবু জেলা তথ্য আধিকারিককে অনুরোধ করেন, ৩ মাস অন্তর ৭ দিন করে যাত্রা অভিনয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। প্রশিক্ষণ কর্মশালায় যারা দক্ষতা দেখাবেন, তাদের কলকাতার নামী যাত্রাদলে অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তিনি এই আলোচনার বিষয়টি রাজ্যের ২ মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের নজরে আনেন। আয়োজকদের পক্ষ থেকে মন্ত্রী স্বপন দেবনাথকে দেওয়া স্মারক পত্রে যাত্রাশিল্পকে বাঁচাতে, দুঃস্থ যাত্রাশিল্পীদের নিয়মিত ভাতা প্রদান, নিয়মিত যাত্রা প্রশিক্ষণের ব্যাবস্থা করার দাবি জানানো হয়েছে। যাত্রা-গবেষক মনোয়ারা হোসেন বর্ধমান থেকে হেমায়েতপুর পর্যন্ত রাস্তাটি মন্তেশ্বরের মূলগ্রামের ভূমিপুত্র বিশিষ্ট পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের নামে রাখার দাবি জানান। আয়োজকদের তরফে ‘বাবা মায়ের শেষ ঠিকানা’ যাত্রাপালা মঞ্চস্থ করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!