Advertisement
  • দে । শ
  • জুলাই ১৮, ২০২৬

রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগ, নন্দনের বিশাল পর্দায় এবার বিশ্বকাপ ফাইনাল, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগ, নন্দনের বিশাল পর্দায় এবার বিশ্বকাপ ফাইনাল, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবার আর শুধু ঘরের ড্রয়িংরুমে সীমাবদ্ধ থাকছে না। রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবারের মতো কলকাতার নন্দনের বিশাল সিনেমা স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল। শুধু কলকাতাই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও ক্রীড়াপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থা করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, রবিবারের এই বিশেষ আয়োজনের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফুটবলপ্রেমী বহু আমলাও নন্দনে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করবেন বলে জানা গিয়েছে।
কয়েক দিন ধরেই এই মেগা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা পরিকল্পনার রূপরেখা প্রায় চূড়ান্ত হয়েছে। সরকারি ইঞ্জিনিয়াররা একাধিক দফায় প্রযুক্তিগত দিক খতিয়ে দেখেছেন। শুক্রবারও প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রশাসনিক মহলের দাবি, পশ্চিমবঙ্গে এর আগে কখনও এভাবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল জনসাধারণের জন্য বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেওয়া হয়নি। যদিও বহু বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে রাতভর চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল, তবে ফুটবল বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে এমন আয়োজন এই প্রথম।
পুরো কর্মসূচির দায়িত্বে রয়েছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে সমস্ত জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠিয়েছেন। প্রতিটি জেলা প্রশাসনকে এই আয়োজনের জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে যাতে দর্শকদের মনে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি তৈরি হয়। বিশাল স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম এবং একসঙ্গে হাজারো ফুটবলপ্রেমীর উচ্ছ্বাসে নন্দন যেন এক রাতের জন্য রূপ নেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো, গোলের মুহূর্তে একসঙ্গে উল্লাস, ম্যাচ শেষে উদ্‌যাপন—সব মিলিয়ে এক অনন্য পরিবেশ গড়ে তোলার প্রস্তুতি চলছে।
নন্দন, রবীন্দ্রসদন ও অ্যাকাডেমি চত্বরকে উৎসবের আবহে সাজিয়ে তোলা হবে। থাকবে আর্জেন্টিনা ও স্পেনের জাতীয় পতাকা, দুই দলের জার্সি, মুখে রং করার ব্যবস্থা-সহ নানা আকর্ষণ। রাতভর দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শুধু সাধারণ দর্শক নন, ফাইনালের রাতে নন্দনে উপস্থিত থাকতে পারেন রাজ্যের কয়েকজন প্রাক্তন ও বর্তমান ফুটবলারও। পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে বিশিষ্ট সেলিব্রিটিদেরও। তাঁদের মধ্যে অনেকেই এই বিশেষ আয়োজনের অংশ হতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
তবে এত কিছুর মাঝেও প্রশাসনিক মহলে একটাই কৌতূহল—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাইনালে কাকে সমর্থন করবেন? আর্জেন্টিনা, নাকি স্পেন? নীল-সাদা, না লাল-হলুদ—কোন দলের প্রতি তাঁর সমর্থন, তার উত্তর মিলবে হয়তো ম্যাচ শুরু হওয়ার পরই।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!