- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৪, ২০২৫
মরণ–বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন মুনি, বেঁচে থাকল গুজরাটের প্লে–অফের আশা
প্লে–অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না। মরণ–বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন বেথ মুনি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ইউপি ওয়ারিয়র্সকে ৮১ রানে উড়িয়ে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল গুজরাট জায়ান্টস। ৫৯ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বেথ মুনি।
অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে গুজরাট জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইউপি ওয়ারিয়র্স। প্রথম ওভারেই দয়ালান হেমলতাকে (৩) হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাট। এরপর জুটি গড়ে তোলেন বেথ মুনি ও হারলিন দেওল। দুজনের জুটিতে ওঠে ১০১ রান। ৩২ বলে ৪৫ রান করে আউট হন হারলিন। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন মুনি। ১০ বলে ১১ রান করে আউট হন অ্যাশলে গার্ডনার। ৮ বলে ১৭ রান করেন দিয়ান্ড্রা ডটিন। নির্ধারিত ২০ ওভারে গুজরাট তোলে ১৮৬/৫।
বেথ মুনির লক্ষ্য ছিল ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করা। সেই লক্ষ্যে তিনি সফল। ১৭টি চারের সাহায্যে ৫৯ বলে ৯৬ রান করে তিনি অপরাজিত থাকেন। মহিলাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি ব্যক্তিগত দ্বিতীয় যুগ্ম সর্বাধিক রান। ২০২৩ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্নে ইউপি–র হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছিলেন অ্যালিসা হিলি। তাঁর রেকর্ড ভেঙে ব্যক্তিগত সর্বাধিক রানের নজিরটি নিজের দখলে নেন সোফি ডিভাইন। বেঙ্গালুরুর হয়ে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে সোফি ৩৬ বলে ৯৯ রান করেছিলেন।
জয়ের জন্য ১৮৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্স। হেনরি সর্বাধিক ২৮ রান করেন। গ্রেস হ্যারিস করেন ২৫। কাশভি গৌতম ৩ ওভারে ১১ ও তনুজা কানওয়ার ৩.১ ওভারে ১৭ রান খরচ করে ৩টি করে উইকেট নেন। ডটিন ২টি এবং মেঘনা সিং ও গার্ডনার ১টি করে উইকেট পান। এই জয়ের ফলে গুজরাট ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল।
❤ Support Us








