- এই মুহূর্তে
- জুন ৬, ২০২২
হবু বরকে গ্রেফতার করা ‘লেডি সিংঘম’ নিজেই প্রতারণার অভিযোগে ধৃত
গত বছর অক্টোবরে ধুমধাম করে বাগদান পর্ব সারেন অসমের মাজুলি জেলা পুলিসের সাব ইন্সপেক্টর জুনমণি রাভা আর তাঁর প্রেমিক রানা পোগাগ। মাঝের কয়েক মাস বেশ চলছিল । বিয়ের কথাও পাকা, এরই মধ্যে জুনমণি জানতে পারেন, হবু স্বামী আসলে একজন প্রতারক। পুলিস হিসেবে নিজের দ্বায়িত্ববোধ এড়াতে পারেননি। গত মে মাসে হবু স্বামীকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছিলেন অসমের ওই মহিলা সাব ইন্সপেক্টর । আর তার পর থেকেই জুনমণি ‘লেডি সিংঘম’ নামে প্রশংসা কোড়ান।
এই ঘটনার মাস খানেক কাটতে না কাটতেই, দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হলেন জুনমণি । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিও তাঁর বাগদত্তার সঙ্গে দুর্নীতিতে জড়িত । অসমের নগাঁও জেলার এক সাব-ইন্সপেক্টর মিস রাভাকে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। মাজুলি জেলার একটি আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে পুলিস সূত্রে খবর। মাজুলি জেলেই রাখা হবে এই দুঁদে অফিসারকে ।জুনামুণির গ্রেফতারির পরে মুখ পুড়েছে অসমের প্রশাসনিক মহলের ।
দুই ঠিকাদার পুলিসের কাছে অভিযোগ করেছিলেন, তাঁরা মিসেস রাভার প্রাক্তন রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিলেন। রাভা যখন মাজুলিতে কর্মরত ছিলেন, তখন তাঁর হবু স্বামীর সঙ্গে তিনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁদের। ঠিকাদারদের অভিযোগ, তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন দুজনেই। ওই ঠিকাদার কর্মীদের আনা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। তারপরই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় জুনমণি রাভাকে।
উল্লেখ্য, রাভা তাঁর বাগদত্তা রানা পোগাগের বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর দায়ের করেছিলেন। অভিযোগ করেছিলেন তিনি ওএনজিসিতে চাকরি এবং চুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রচুর লোককে প্রতারিত করেছেন। পরে রানা পোগাগকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেন তিনি নিজেই। বর্তমানে মাজুলি কারাগারে রয়েছেন পোগাগ।
এই ঘটনার পরই চলচ্চিত্রের ‘লেডি সিংঘম’ বা ‘দাবাং পুলিস’ খ্যাতি লাভ করেছিলেন। পরে তদন্তে দেখা যায় রানাকে দুর্নীতির কাজে সাহায্য করতেন রাভা। আদালতের নির্দেশের পর তাঁকেও মাজুলি কারাগরে নিয়ে যাওয়া হয়।প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। এবং এই বছরের নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
❤ Support Us





