- দে । শ
- জুন ১৬, ২০২৬
হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে একটি ইলেকশন পিটিশন দায়ের করেন। মামলা দায়েরের উদ্দেশ্যে এ দিন তিনি নিজে হাইকোর্টে উপস্থিত হন এবং ওথ কমিশনারের সামনে সই করে পিটিশন জমা দেন।
মমতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা, তাঁদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এর আগেও গত ১৪ মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন তিনি আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করতে গিয়েছিলেন বলে তাঁকে আইনজীবীদের নির্ধারিত পোশাকে দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার তিনি শাড়ি পরেই আদালতে যান।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও একইভাবে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি এখনও নিষ্পত্তি হয়নি এবং তা আদালতে বিচারাধীন রয়েছে।
সাম্প্রতিক ভবানীপুর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের ফল ঘোষণার পর থেকেই এই পরাজয় মেনে নিতে নারাজ ছিলেন তিনি। গত ৪ মে ফল প্রকাশের পর ৫ মে কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা দাবি করেছিলেন, “আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করেছে।”
সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভবানীপুরের নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হলেন তিনি। তাঁর এই ইলেকশন পিটিশনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
❤ Support Us







