- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৮, ২০২৬
শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতীয় টেস্ট দল, বাদ নীতীশ ও হর্ষিত
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। চোটের জন্য বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা হয়নি। একদিকে যেন নীতীশ কুমার রেড্ডি সুযোগ পাননি, তেমনই ছিটকে গেছেন হর্ষিত রানাও। কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। লোকেশ রাহুলকে তাঁর সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠিত ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ মুখকেও সুযোগ দেওয়া হয়েছে।
চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে ভারত। উরুর চোটের কারণে ইংল্যান্ড সফরে দলে জায়গা হয়নি নীতীশ কুমার রেড্ডির। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধেও দলে রাখা হয়নি। চোট সারিয়ে ৪ মাস পর মাঠে ফেরার পর আবার ছিটকে গেলেন হর্ষিত রানা। সাই সুদর্শন ও যশপ্রীত বুমরার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দুজনকেই শর্তসাপেক্ষে দলে রাখা হয়েছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পেলেই তাঁরা খেলতে পারবেন।
আইপিএলের পর যশপ্রীত বুমরাকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ও আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে লেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে ফিরেছেন। সিরিজে আবার চোট পান। ৩০ জুলাই পর্যন্ত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর তিনি বিসিসিআই–এর সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেবেন। নতুন করে ডাক্তারি পরীক্ষার পর তাঁর ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভাল খেলার পুরস্কার পেলেন গুরনুর ব্রার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে তিনি জায়গা করে নিয়েছেন। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে তিনি জোরে বোলিং আক্রমণ সামলাবেন। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল নিজেদের জায়গা ধরে রেখেছেন। ঘোষিত ভারতীয় দল: শুভমান গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই টেস্ট সিরিজ ১৫ আগস্ট শুরু হবে। শেষ হবে ২৭ আগস্ট শেষ হবে। প্রথম ম্যাচ হবে গলে, ১৫–১৯ আগস্ট। দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে, ২৩–২৭ আগস্ট। টেস্ট শুরুর আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে একটা ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
❤ Support Us







