- দে । শ
- জুলাই ২৮, ২০২৬
আটক নিট-আন্দোলনকারীদের মুক্তি, এফআইআর প্রত্যাহারের আশ্বাস কেন্দ্রের; মধ্যরাতের বৈঠকের পর দাবি সিজেপির
নিট-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের গ্রেফতার ও আটক নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে কেন্দ্রের সঙ্গে মধ্যরাতের বৈঠকের পর গুরুত্বপূর্ণ দাবি করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের অন্যতম মুখপাত্র সৌরভ দাস সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় জানান, আন্দোলনকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের বিষয়ে কেন্দ্র ইতিবাচক আশ্বাস দিয়েছে।
সৌরভের দাবি, সোমবার রাত প্রায় ১টা পর্যন্ত চলা দুই থেকে তিন ঘণ্টার বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিরা বিহার ও অসম সরকারের জারি করা দুটি সরকারি বিজ্ঞপ্তির প্রতিলিপি সিজেপির প্রতিনিধিদের হাতে তুলে দেন। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিট-আন্দোলনের জেরে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে এবং আটক বা গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সিজেপির দাবি, মঙ্গলবারের মধ্যেই এনডিএ-শাসিত সমস্ত রাজ্যকে একই ধরনের পদক্ষেপ গ্রহণের বিষয়ে কেন্দ্র অবহিত করবে। দলের আশা, সরকার বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ভিডিও বার্তায় সৌরভ দাস বলেন, “কোনও প্রতিবাদীকে আমরা একা ছেড়ে দেব না। আমরা প্রত্যেক আন্দোলনকারীর পাশে রয়েছি।”
এর আগে সোমবার বিকেলে সিজেপি অভিযোগ করেছিল, নিট-কাণ্ডের প্রতিবাদে অংশ নেওয়া পড়ুয়াদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে এখনও ধরপাকড় চলেছে। সেই অভিযোগের ভিত্তিতেই দল ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
এর কয়েক ঘণ্টার মধ্যেই বিহার সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, নিট-আন্দোলনের ঘটনায় গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। পরে অসম সরকারও জানায়, আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসম পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা আর নতুন করে আইনি পদক্ষেপ নেবে না। ইতিমধ্যে দায়ের হওয়া মামলাগুলি যে পর্যায়েই থাকুক না কেন, সেগুলি প্রত্যাহারের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। পাশাপাশি, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মামলাও পর্যালোচনা করে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হবে।
সিজেপি যে তিনটি রাজ্যে ধরপাকড়ের অভিযোগ তুলেছিল, তার মধ্যে বিহার ও অসম ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও পর্যন্ত আন্দোলনকারীদের মুক্তি বা তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ্যে আসেনি।
❤ Support Us






