- দে । শ
- জুলাই ২৭, ২০২৬
‘ককরোচ জনতা পার্টি’র পথ অনুসরণ, এবার পেট্রোল নিয়ে আন্দোলনে ‘ই২০ জনতা পার্টি’
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ই২০ জনতা পার্টি’ নামে একটি নতুন দল গঠিত হয়েছে। এই দলের দাবি, জনগণের ১০০% বিশুদ্ধ পেট্রোল কেনার সুযোগ থাকা উচিত। দলটি সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ির পদত্যাগেরও দাবি জানিয়েছে। পরিবহন কর্মীরা এই আন্দোলনকে সমর্থন করছেন। দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন ই২০ পেট্রোলের বিরুদ্ধে ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, ইথানল মেশানোর নীতির কারণে পেট্রোলের মাইলেজ কমে গেছে, গাড়ি মেরামতের খরচ বেড়েছে এবং বিশেষ করে পুরোনো গাড়িগুলিতে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক্স–এ ‘ই২০ জনতা পার্টি’র ২৫০০০–এর বেশি ফলোয়ার বেড়েছে। দলটি বলেছে যে, তারা ভর্তুকি, বিনামূল্যে পেট্রোল, কোনোটাই চায় না, কিংবা ইথানল মিশ্রিত পেট্রোল নিষিদ্ধ করতেও চায় না। তাদের একমাত্র দাবি হল, জনগণকে যেন ১০০% বিশুদ্ধ পেট্রোল কেনার সুযোগ দেওয়া হয়।
‘ই–২০ জনতা পার্টি’র পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, জ্বালানির স্বচ্ছ লেবেলিং প্রয়োজন, যাতে ভোক্তারা জানতে পারেন তাঁরা কী কিনছেন। জ্বালানি মিশ্রণের খরচ, সুবিধা ও প্রভাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে এবং মাইলেজ, ইঞ্জিনের কর্মক্ষমতা, নির্গমন ও রক্ষণাবেক্ষণ খরচের ওপর স্বাধীন সমীক্ষা চালাতে হবে। যদিও দেশে দীর্ঘদিন ধরেই ইথানল মুক্ত ১০০ অক্টেন প্রিমিয়াম পেট্রোল পাওয়া যাচ্ছে। এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ফুয়েল স্টেশনে বিক্রি হয় এবং এর দাম প্রতি লিটার ১৬৯ টাকা, যেখানে সাধারণ ই২০ জ্বালানির দিল্লিতে দাম প্রতি লিটার ১০২.১২ টাকা। পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপী গত সপ্তাহে সংসদে জানিয়েছেন যে, ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে, এই ব্যাপারে সরকার কোনও প্রমাণিত অভিযোগ পায়নি।
এই সংগঠনের প্রচারাভিযান পরিবহন শিল্পের একাংশের সমর্থনও পেয়েছে। দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন ই২০ পেট্রোল ব্যবহারের প্রতিবাদে ৪ আগস্ট সংসদ অভিযানের কথা ঘোষণা করেছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, ইথানল মিশ্রণ নীতির কারণে জ্বালানি দক্ষতা কমেছে, রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে।
❤ Support Us







