- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৫, ২০২৬
আজ ডুরান্ড কাপের উদ্বোধন। ডার্বি নিয়ে উত্তেজনা নেই, প্রস্তুতির অভাব ভাবাচ্ছে দুই কোচকে
কলকাতা ডার্বি দিয়েই আজ শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। মরশুমের প্রথম ডার্বি নিয়ে একেবারেই কোনও তাপ–উত্তাপ নেই, নেই কোনও উত্তেজনা। দুই শিবিরে কান পাতলে সেই আবগেও দেখা যাবে না। একদিকে যেমন বাঙালি ফুটবলারের অভাব, তেমনই ভাল মানের বিদেশি না থাকা। তার মাঝেই মরশুমের প্রথম ডার্বিতে জয় তুলে নিতে মরিয়া দুই প্রধানই। তবে মাঠে নামার আগে দুই দলের কোচকে ভাবাচ্ছে প্রস্তুতির অভাব।
একদিকে ইস্টবেঙ্গল যেমন দিন পাঁচেক অনুশীলন করে ডার্বিতে মাঠে নামছে, তেমনই মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির প্রস্তুতি সেরেছে মাত্র তিন দিনে। এত কম সময়ের প্রস্তুতিতে ডার্বিতে মাঠে নামা খুবই কঠিন। তবুও দুই দলই জয়ের স্বপ্নে বিভোর। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ প্যানাগিওটিস ডিলম্পেরিসের কাছে এটাই প্রথম ডার্বি। কলকাতা ময়দানে অভিষেক ম্যাচ হলেও মরশুমের প্রথম ডার্বিতে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চান মোহনবাগান কোচ।
ডুরান্ড কাপ অভিযানে নামার আগে ডিলম্পেরিস বলছিলেন, ‘আমি আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করি। ইতিবাচক মানসিকতা নিয়েই ডার্বিতে মাঠে নামব। তবে মাত্র তিনদিনের অনুশীলনে ফুটবলারদের মধ্যে আমার দর্শন ঢুকিয়ে দেওয়া সম্ভব নয়।’ মোহনবাগানের মতো দলের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হচ্ছে ইস্টবেঙ্গলের। কলকাতা ময়দানে অভিষেক ম্যাচ ডার্বি হলেও চাপে নেই বাগান কোচ, বরং রোমাঞ্চিত। আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা করতে চান না ডার্বিকে। ডিলম্পেরিস বলছিলেন,‘আমার জীবনের সব ম্যাচই ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি দিয়ে কলকাতা ময়দানে যাত্রা শুরু হওয়ায় আমি রোমাঞ্চিত।’
দলের সঙ্গে সদ্য যোগ দিয়েছেন সার্বিয়ান দেজান দ্রাজিচ। এসে গেছেন মিগুয়েল ফিগুয়েরাও। এই দুই বিদেশিকে প্রথম ম্যাচে খেলাবেন কিনা ধোঁয়াশা রয়েছে। ডার্বিতে স্বদেশি ব্রিগেডের ওপরই ভরসা করছেন। ডিলম্পেরিস বলেন,‘আমার হাতে ভারতের সেরা ফুটবলাররা রয়েছে। বিদেশি ফুটবলারের থাকা না থাকা নিয়ে ভাবছি না। ম্যাচের দিনই প্রথম একাদশ চূড়ান্ত করব।’ তবে মাত্র ৩ দিনের প্রস্তুতিতে ভাল খেলা সম্ভব নয়, মেনে নিয়েছেন ডিলম্পেরিস। বলছিলেন, ‘ফুটবলাররা ৯০ মিনিট খেলার মতো তৈরি নয়। তবে প্রতিকূল পরিস্থিতিতে ওদের মানিয়ে নিতে হবে।’
এদিকে, কলকাতা ময়দানে ডার্বি ম্যাচের সঙ্গে একেবারেই অপরিচিত নন ইস্টবেঙ্গল কোচ আন্তেনীও লোপেজ হাবাস। এর আগে এটিকে মোহনবাগানের কোচ থাকার সময় ৫ বার ডার্বিতে মুখোমুখি হয়েছিলেন। ৪টি ডার্বিতে জিতেছিলেন, ১টি ড্র। ডার্বিতে তাঁর ঈর্ষানীয় সাফল্যই এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে। তবে মোহনবাগান কোচের মতো হাবাসকেও ভাবাচ্ছে প্রস্তুতির অভাব। বলছিলেন, ‘মাত্র ৪–৫ দিনের প্রস্তুতিতে ডার্বির মতো কঠিন ম্যাচে ভাল পারফরমেন্স করা অসম্ভব।।’ নতুন বিদেশি দানি র্যামিরেজ তিনদিন আগে অনুশীলন শুরু করেছেন। মহম্মদ রশিদ যোগ দিয়েছেন বৃহস্পতিবার। চোটের জন্য দানিশ ফারুখ, বরিস সিং, মহেশ সিংরা খেলতে পারবেন না। নন্দ কুমার দল ছেড়েছেন। ভরসা সেই বিপিন সিং, ডেভিড, এডমুন্ডরা।
❤ Support Us








