- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৩, ২০২৬
বিধানসভা নির্বাচনের ছ’মাসের মধ্যেই অসমে ২.১৮ লক্ষ নতুন নাম ! দেশের ৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ল ভোটার । এসআইআর বিতর্কের আবহে তালিকার নির্ভুলতা নিয়ে উঠছে প্রশ্ন
বিধানসভা নির্বাচন শেষ হওয়ার মাত্র ছমাসের মধ্যে অসমের ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে । নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে রাজ্যে নতুন করে ৪ লক্ষ ১২ হাজার ৩৪৪ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে । অন্যদিকে, বাদ পড়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৫৭৩ জনের নাম । অর্থাৎ, সংযোজন ও বিয়োজনের হিসাব মিলিয়ে অসমে মোট ভোটার বেড়েছে ২ লক্ষ ১৮ হাজার ৭৭১ জন । তুলনামূলকভাবে ছোটো রাজ্যে এত অল্প সময়ে ভোটার সংখ্যার এই পরিবর্তন স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে ।
বিশেষ করে, যাঁদের নাম গত ছ’মাসে নতুন করে ভোটার তালিকায় উঠেছে, তাঁরা প্রত্যেকেই কি নতুন ভোটার ? নাকি তাঁদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা আগে থেকেই ভোটদানের যোগ্য হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি ? এই প্রশ্ন থেকেই নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং তার কার্যকারিতা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে ।
গত এক বছরে দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশনের উদ্যোগে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে । কিন্তু অসমে এসআইআর-এর পরিবর্তে নির্বাচন কমিশন বিশেষ সংশোধন বা স্পেশ্যাল রিভিশন প্রক্রিয়া পরিচালনা করে । দুই পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে । এসআইআর-এর ক্ষেত্রে ভোটারদের পরিচয় ও নথিপত্র নতুন করে যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় । অন্যদিকে, SR প্রক্রিয়ায় প্রত্যেক ভোটারের সশরীরে শনাক্তকরণ বাধ্যতামূলক নয় । মূলত ভোটারদের সংযোজন, বিয়োজন ও সংশোধনের আবেদন যাচাইয়ের মাধ্যমে তালিকা হালনাগাদ করা হয় ।
কমিশনের তথ্য অনুযায়ী, অসমের মোট ৬১,০৩,১০৩টি বাড়িতে বিশেষ সংশোধন ও নাম যাচাইয়ের কাজ চালানো হয়েছিল । এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত ছিলেন রাজ্যের ৩৫ জেলার নির্বাচন আধিকারিক, ১২৬ বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), ২৯,৬৫৬ জন বুথ লেভেল অফিসার (BLO) এবং ২,৫৭৮ জন BLO সুপারভাইজার ।
১০ ফেব্রুয়ারি অসমের ১২৬ বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন । তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ । পরবর্তী সংশোধন প্রক্রিয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়ায় ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯-এ । কিন্তু এর মাত্র ছ’মাসের মধ্যেই ফের ভোটার সংখ্যায় বড় পরিবর্তন দেখা গেল ।
অসমের এই পরিসংখ্যান অবশ্য দেশের অন্যান্য রাজ্যের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, এসআইআর সম্পন্ন হওয়ার পর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এমন ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার সংখ্যা ০.১ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে ।
এই তালিকায় সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে গোয়ায় । এরপর রয়েছে রাজস্থান, যেখানে ভোটার বেড়েছে ২.২ শতাংশ । বিহার ও তামিলনাড়ুতে বৃদ্ধি ১.৮ শতাংশ, মণিপুরে ১.৭ শতাংশ এবং কেরল ও মধ্যপ্রদেশে ১.৫ শতাংশ । পুদুচেরিতে বৃদ্ধি ১.৩ শতাংশ এবং লাক্ষাদ্বীপে মাত্র ০.১ শতাংশ ।
কেরলে স্পেশ্যাল সামারি রিভিশনের পর খসড়া তালিকায় প্রায় ৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন । ফলে মোট ভোটার সংখ্যা বেড়ে ২ কোটি ৭৩ লক্ষের বেশি হয়েছে । যদিও এসআইআর -এর আগে ভোটার সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৭৮ লক্ষ । অর্থাৎ, নতুন করে ভোটার যুক্ত হওয়ার পরেও আগের সংখ্যায় পৌঁছনো যায়নি । তামিলনাড়ুতেও প্রায় ১০ লক্ষ ভোটার বেড়ে মোট সংখ্যা হয়েছে ৫ কোটি ৭০ লক্ষ । কিন্তু এসআইআর -এর আগের ৬ কোটি ৪০ লক্ষ ভোটারের তুলনায় তা এখনও অনেক কম । বিহারে প্রায় ১৩ লক্ষ ভোটার যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লক্ষে । গোয়ায় প্রায় ৪৩ হাজার ভোটার যুক্ত হওয়ার পাশাপাশি অন্তত ১১ হাজার নাম বাদ পড়েছে ।
উল্লেখযোগ্যভাবে, এই পর্যায়ে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশ্যাল সামারি রিভিশন পরিচালিত হলেও আটটি অঞ্চলের তুলনামূলক পরিসংখ্যান পাওয়া যায়নি অথবা খসড়া তালিকা প্রকাশ স্থগিত রাখা হয়েছে । অসম, ছত্তিশগড়, গুজরাত, পাঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে প্রয়োজনীয় তুলনামূলক তথ্য উপলব্ধ ছিল না । উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ।
এদিকে, এসআইআর প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেও মতপার্থক্যের খবর সামনে এসেছে। দ্য ইকোনমিক টাইমস-এর ২৪ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক ভোটার তালিকা সংশোধনের কাজ পুনরায় শুরু করার সময়সীমা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিল। অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর -সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে গত ১০ মাসে সান্ধু ও যোশি ১৪ বার আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিলেন ।
২০২৫ সালে বিহারে প্রথম পর্যায়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। পরে ২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে আরও ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া সম্প্রসারিত হয়। তবে শুরু থেকেই এই পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধীদের একাংশ এবং নাগরিক অধিকারকর্মীদের আশঙ্কা, যথাযথ যাচাই ও শুনানির সুযোগ না থাকলে প্রকৃত ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়তে পারে । এমনকি ভোটার তালিকার এই পরিবর্তন নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।
গত মে মাসে সুপ্রিম কোর্ট এসআইআর -এর আইনগত বৈধতা বহাল রাখলেও স্পষ্ট করে দেয়, এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কোনও ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না । তা সত্ত্বেও কয়েকটি বিজেপি-শাসিত রাজ্যে এসআইআর -এ বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড না দেওয়ার মতো পদক্ষেপের অভিযোগ সামনে এসেছে । কিছু ক্ষেত্রে পাসপোর্ট পুনর্নবীকরণের ক্ষেত্রেও পুলিশের আপত্তির খবর প্রকাশিত হয়েছে ।
সব মিলিয়ে, অসমের ভোটার তালিকায় ছ’মাসে ২ লক্ষ ১৮ হাজারের বেশি নিট বৃদ্ধি এবং দেশের অন্যান্য রাজ্যে এসআইআর -পরবর্তী ভোটার সংখ্যার ওঠানামা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দিয়েছে — ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ছে কি না, আর বাদ পড়ে থাকলে তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া কতটা কার্যকর ?
গণতন্ত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম শর্ত হল নির্ভুল ভোটার তালিকা । তাই শুধু কতজনের নাম যুক্ত হল বা বাদ গেল, সেই পরিসংখ্যান প্রকাশ করাই যথেষ্ট নয় । কেন নাম বাদ পড়ল, নতুন করে নাম ওঠা ব্যক্তিদের কতজন আগে থেকেই ভোটদানের যোগ্য ছিলেন এবং সংশোধন প্রক্রিয়ায় কোনও প্রকৃত ভোটার বঞ্চিত হয়েছেন কি না — এই প্রশ্নগুলির স্বচ্ছ উত্তর দেওয়াও নির্বাচন কমিশনের দায়িত্ব।
❤ Support Us





