- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৩, ২০২৫
বয়সকে তুড়ি মেরে পাহাড় চড়ার পাঠ দিয়ে চলেছেন ৮৫ বছরের ‘শান্তিদা’
বয়সকে তুড়ি মেরে উনি বলেন, ‘ওটা একটা সংখ্যা মাত্র। আমার তাতে কিছু এসে যায় না।’ নইলে ৮৫ বছরে তিনি শতাধিক জনকে নিয়ে পৌঁছে গেছেন পুরুলিয়ার গজাবুরু পাহাড়ে। পাহাড়ে চড়া শেখাবেন বলে। সেই যুবক বয়সে এই এক নেশায় পেয়ে বসেছে শান্তিকুমার রায়ের। ভারতীয় ডাক বিভাগের উচ্চ পদে চাকরি থেকে অবসরের ২৫ বছর পেরিয়ে গেছে। পর্বতারোহন ও ছোট বড় ট্রেকিংয়ের নেশায় ৪ বন্ধু মিলে গড়ে তোলেন ট্রাভেলার্স গিল্ড। অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব হিসেবে ট্রাভেলার্স গিল্ডের পরিচিতি সারা ভারতে। শান্তিবাবুই তার প্রতিষ্ঠাতা সধারণ সম্পাদক। ট্রাভেলার্স গিল্টের সবুজ রঙা টুপি মাথায় সাইকেলে বসিরহাট চষে বেড়ান, আর পাহাড়ে যাওয়ার দল পাকান। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়ো বসিরহাটে থেকে এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন দেখান তিনি। বিশিষ্ট পর্বতারোহী প্রয়াত অমূল্য সেন ছিলেন একাধারে শান্তিবাবুর সতীর্থ, মেন্টর। অমূল্য সেন , শান্তি রায়, দীপক বসু, অপূর্ব চক্রবর্তী (মিন্টেদা) সঙ্গে এই প্রজন্মের সূর্য চাকি,সুমন সাহা, তথাগত ঘোষদের মত পাহাড় পাগল এই কাজে শামিল। বসিরহাটের এই সংগঠনের হাত ধরেই এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন সুনীতা হাজরা।
এবারের শৈলারোহন শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়ার গজাবুরু, পাহাড়ে। সেখানে ৫৩ জন ট্রেনি সহ ৯৬ জন অংশ নিয়েছেন এবারের শিবিরে। নেতৃত্ব নেতৃত্বে ৮৫ বছরের ‘যুবক’ শান্তিকুমার রায়। তিনি বলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সাহস, প্রকৃতি প্রেম গড়ে ওঠে মানুষের চরিত্রে। এবারে ট্রাভেলার্স গিল্ডের ৬৫ বছর। এবারে ৩০ তম শৈলারোহন শিবির চলছে পুরুলিয়ার গজাবুরু পাহাড়ে। সেখানে ১২ থেকে ৪৫ বছরের ট্রেনি রয়েছে।’ শান্তিবাবু বলেন, গজাবুরু পাহাড়ের কাছে তাঁবু ফেলে তাঁরা রয়েছে। ফিল্ড ডিরেক্টর অপূর্ব চক্রবর্তী এবং ডেপুটি ফিল্ড ডিরেক্টর দীপক বসুর বয়স ৭০ পেরিয়েছে। মুখ্য প্রশিক্ষক হিসেবে সঙ্গে রয়েছেন এভারেস্ট জয়ী সেখ সাহাবুদ্দিন। শান্তিকুমার রায় বলেন, ‘একবার যে পাহাড়কে ভালোবাসবে পাহাড় তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেবেই। আমরা নিছক পাহাড়ে বেড়াতে যাই না। সেখান থেকে জীবন, প্রকৃতির পাঠ নিয়ে আসি।’ ট্রাভেলার্স গিল্ড যেন শান্তিবাবুর আর এক সংসার। সবার তিনি ‘শান্তি কাকু’। পাহাড়কে তিনি জড়িয়ে নিয়েছেন জীবনের সঙ্গে। ছেলের নাম তাই শতপন্থ। গাড়োয়াল হিমালয়ের এক শৃঙ্গের নামে। দুর্ঘটনায় পা হারিয়েও শতপন্থ যে কোন ট্রেকিংয়ে বাবার সঙ্গী।শান্তিবাবু বলেন, ‘পাহাড়ই আমাকে সবল রেখেছে। এই প্রজন্মকে পাহাড় চেনাতে প্রতিবছর নিয়ম করে আমাদের শৈলারোহন শিবির অনুষ্ঠিত হয়। ট্রাভেলার্স গিল্ডের রাধানাথ শৃঙ্গ একটি সফল অভিযান।’
❤ Support Us






