- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২১, ২০২২
শেষ ম্যাচেও হার ভারতের, ৪–১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
টি২০ ক্রিকেটে তারা যে বিশ্বের মহাশক্তিধর দেশ, আবার প্রমান করে দিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল। শেষ টি২০ ম্যাচেও ভারতকে হারাল ৫৪ রানে। একই সঙ্গে সিরিজ জিতে নিল ৪–১ ব্যবধানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ১৪২ রানে শেষ ভারত। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে এদিন চূড়ান্ত ব্যর্থ ভারতের টপ অর্ডার।
টস জিতে এদিন অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অঞ্জলি সর্বানির বলে বোল্ড হন বেথ মুনি (২)। চতুর্থ ওভারে দীপ্তি শর্মার বল ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন লিচফিল্ড (১১)। এরপর তাহিলা ম্যাকগ্রাথ ও এলিসে পেরি দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাকগ্রাথকে (২৬) তুলে নেন শেফালি ভার্মা, অন্যদিকে পেরিকে (১৮) ফেরান দেবিকা বৈদ্য। ১০ ওভারের মধ্যে ৬৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর জুটি বাঁধেন অ্যাশলে গার্ডনার ও গ্রেস হ্যারিস। ক্রিজে নেমে অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার ঝড় তোলেন। তাঁদের ব্যাটের তান্ডবে খড়কুটোর মতো উড়ে যান ভারতীয় বোলাররে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৬৬ রানে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন গার্ডনার। ৩৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন হ্যারিস।
গোটা সিরিজে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ইনিংসের চতুর্থ বলেই ফিরে যান স্মৃতি মানধানা (৪)। শেফালি ভার্মাও (১৩) রান পাননি। হারলিন দেওল ও হরমনপ্রীত কাউর রুখে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। হারলিন (১৬ বলে ২৪) রান আউট হতেই ধস ভারতীয় ইনিংসে। পরপর ফিরে যান হরমনপ্রীত কাউর ( ১১ বলে ১২), রিচা ঘোষ (৯ বলে ১২), দেবিকা বৈদ্য (১৪ বলে ১১) ও রাধা যাদব (০)। ১৩ ওভারের মধ্যে ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪২ তোলে ভারত। ইনিংসের শেষ বলে আউট হন দীপ্তি শর্মা। ৩৪ বলে তিনি করেন ৫৩। দুরন্ত বোলিং করে ৮ রানে ৪ উইকেট তুলে নেন হিদার গ্রাহাম।
❤ Support Us







