- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৪, ২০২৩
মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার, ইতিহাসে নাম তুলে উত্তেজিত স্মৃতি মান্ধানা
মহিলাদের আইপিএলের নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। তাঁকে ৩.৪০ কোটি টাকায় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুধু তাই নয়, নিলামে তিনিই ছিলেন বিক্রি হওয়া প্রথম ক্রিকেটার। মহিলাদের আইপিএলের ইতিহাসে নাম তুলতে পেরে গর্বিত স্মৃতি। তিনিই রয়্যাল চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন। এই সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজনায় ভাসছেন স্মৃতি মান্ধানা।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন স্মৃতি মান্ধানা। সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘গত ১০ বছর ধরে আমি পুরুষদের আইপিএলের নিলাম দেখে আসছি। এটা আমার কাছে দারুণ অ্যামেজিং ব্যাপার। মহিলাদের আইপিএল আমাদের কাছে খুব বড় মুহূর্ত। আমার নাম ইতিহাসে ঢুকে গেছে। মহিলাদের আইপিএলের নিলামে আমাকেই প্রথম তোলা হয়েছিল। পুরো ব্যাপারটাই আমার কাছে খুবই উত্তেজনার।’ রয়াল চ্যালেঞ্জার্সে খেলার সুযোগ পেয়েও দারুণ উত্তেজিত স্মৃতি মান্ধানা। তিনি বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রচুর সমর্থক আছে। আইপিলের প্রথম থেকেই খেলছে। এইরকম একটা বন ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পেরে আমি দারুণ উত্তেজিত। বেঙ্গালুরুর লাল জার্সি গায়ে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। চেষ্টা করব দলকে চ্যাম্পিয়ন করার।’
চোটের কারণে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। সোমবার মুম্বইয়ে আইপিএলের নিলাম চলার সময় তিনি দক্ষিণ আফ্রিকায় টিম হোটেলে সতীর্থদের সঙ্গে টিভি–র পর্দায় চোখ রেখেছিলেন। নিলামে স্মৃতি মান্ধানার নামই প্রথম উঠে এসেছিল। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩.৪০ কোটি টাকাতে তুলে নিতেই সতীর্থরা অভিনন্দন জানান স্মৃতিকে। জড়িয়ে ধরেন তাঁকে।
স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ১২৩.১৩ স্ট্রাইক রেট এবং ২৭.৩২ গড়ে ২৬৫১ রান করেছেন। একদিনের ক্রিকেটে ৭৭ ম্যাচে করেছেন ৩০৭৩ রান। একদিনের ক্রিকেটে ৫টি সেঞ্চুরি রয়েছে স্মৃতি মান্ধানার।
❤ Support Us







