- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৫, ২০২৩
রাজ্যের ডেঙ্গির অশনি-সংকেত। দুদিনে দুজনের মৃত্যু। পরিস্থিতি সামলাতে আগাম সতর্ক প্রশাসন। জারি হল গাইডলাইন
পড়শি দেশের মতো ভয় ধরানো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে, দুদিনে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু স্বাস্থ্য প্রশাসনের কর্তাদের আশঙ্কিত করে তুলছে। প্রতি বছরই মশা বাহিত এ রোগের প্রকোপ সামলাতে হিমশিম খেতে হয় রাজ্যকে। এবারে এমন পরিস্থিতির সম্মুখীন না হওয়ার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তাঁদের আশা, সব কিছু ঠিকঠাক ভাবে চললে এবারে বড়ো কোনো বিপদকে এড়াতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ৬০ বছরের এক প্রৌঢ়া মারা গিয়েছেন। তিনি নদিয়ার রানাঘাটের বাসিন্দা। গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এর পর সেখান থেকে কল্যাণী জেএনএম-এ স্থানান্তরিত হন। কিন্তু তাতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তাকে কলকাতার বেলঘাটার আইডিতে নিয়ে আসা হয়। সিসিইউ-তে ভর্তি ছিলেন। দীর্ঘ প্রচেষ্টা চালানো হয় তাঁকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু তাতে তিনি আর সাড়া দিতে পারেননি। ডেঙ্গিতেই আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ –৮ দিন ধরে সে জ্বর এবং গা, হাত, পা ব্যথায় ভুগছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বাচ্চাটির নাক, মুখ, হাতের চামড়া দিয়ে রক্ত বের হচ্ছিল। প্লেটলেট পরীক্ষায় দেখা যায় তার প্লেটলেট অনেকটাই নেমে গিয়েছে। সুস্থ করার জন্য অনেক চেষ্টা হলেও শেষ রক্ষা হয়নি।
প্রত্যকে বছরই বর্ষার সময়ে ডেঙ্গির কবলে পড়ে বহু মানুষ মারা যান। তবে, এবারে এখনো ভয়ানক আকার নেয়নি রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। তবে, সতর্ক প্রশাসন। এ ব্যাপারে নতুন গাইডলাইন জারি করেছে প্রশাসন। ডেঙ্গি আক্রান্তের চিকিৎসায় প্লেটলেট সংখ্যা কতটা রয়েছে, সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যদি অণুচক্রিকার সংখ্যা ১০ হাজারের নীচে নেমে যায় অবশ্যই তাঁর রক্তপরীক্ষা করে তাঁর নমুনা সংগ্রহ করতে হবে। আক্রান্ত ব্যক্তির যদি কোনো প্লেটলেটের প্রয়োজন হয়, তাহলে তা কোনো গ্রুপের অবশ্যই তা প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে। প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই। এ ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চায় প্রশাসন। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা গুলোতে প্লেটলেটের ব্যবস্থা থাকবে। এছাড়া ৫৭টি সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
❤ Support Us






