Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১৩, ২০২৪

মেলেনি আবাস যোজনার ঘর, ছাদের চ্যাঙড় ভেঙে গুরুতর জখম বৃদ্ধা ও তার নাতনি

আবেদনের সত্যতা যাচাইয়ের জন্য কয়েকবার সরেজমিন তদন্ত হয়েছে। বাড়ি মেলেনি। তার মাশুল গুনতে হল। ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছাদের বড় চ্যাঙড় ভেঙ্গে গুরুতর জখম নূরজাহান ও তার নাতনি ফুলি

আরম্ভ ওয়েব ডেস্ক
মেলেনি আবাস যোজনার ঘর, ছাদের চ্যাঙড় ভেঙে গুরুতর জখম বৃদ্ধা ও তার নাতনি

ভগ্নদশা বাড়ির। নতুন বাড়ির জন্য কেন্দ্র সরকারের আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন কালনার কোম্পানিডাঙার বৃদ্ধা নূরজাহান বিবি। বছর তিনেক আগে। আবেদনের সত্যতা যাচাইয়ের জন্য কয়েকবার সরেজমিন তদন্ত হয়েছে। বাড়ি মেলেনি। তার মাশুল গুনতে হল। ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছাদের বড় চ্যাঙড় ভেঙ্গে গুরুতর জখম নূরজাহান ও তার নাতনি ফুলি। দুজনকেই  চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলির চোট তেমন গুরুতর না হলেও নূরজাহানের মাথায় জোর আঘাত লেগেছে। চোখ থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, ‘৩ বছর ধরে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের আবাস যোজনা ও আবাস প্লাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। এটা বিমাতৃসুলভ আচরণ ছাড়া আর কিছু নয়। যা শুনলাম ওই মহিলার মৃত্যুও হতে পারত। বরাতজোরে বেঁচে গিয়েছেন। এই ঘটনার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে।’ জখম অসহায় বৃদ্ধা নূরজাহানের পাশে দাঁড়িয়েছেন এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুব্রত পাল। তিনি বললেন, ‘ওই বৃদ্ধার বাড়ি না পাওয়াটা খুবই দুঃখজনক। আমি ওনার পাশে আছি। ওনার চিকিৎসার খরচ জোগাব।’

খবরাখবর নিয়ে জানা গেল, রাতে অঘোরে ঘুমোচ্ছিলেন নূরজাহান ও তার নাতনি ফুলি। সেই সময় পুরনো ছাদের সিলিং ভেঙে একটি বড়সড় চ্যাঙড় ভেঙে পড়ে তাদের উপর। গুরুতর চোট লাগে  নূরজাহান বিবির। জখম হয় তার নাতনি ফুলিও। নূরজাহানের আত্মীয় মল্লিকা খাতুন জানান, ‘ওদের পুরনো ঘর। বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই কারণেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ছাদের অংশ।  ওরা বহুবার ঘরের আবেদন করেও ঘর পায়নি।’ পড়শি আনসার শেখ বলেন, ‘শুধু লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোনও সাহায্য পায়নি বুড়ি। ইলেকট্রিকের কাজ করার সময় পোল থেকে পড়ে মৃত্যু হয়েছে ওর স্বামীর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর চেয়েচিন্তে কোনওরকমে দিন গুজরান হয়।’

অভিযোগ, ২০২১ সাল থেকে আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। তবে কেন্দ্র সরকার এই টাকা না দিলে রাজ্য সরকার  তা দিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাটোয়ায় জনগর্জন সভায় বক্তব্য পেশ করতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।’ গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও এই বিষয়টি ও রাজ্যের তরফে ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পের মজুরি মেটানোর বিষয়টিকে সামনে রেখে প্রচারে জোর দেওয়ার কথা বলেন অভিষেক। সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের নামের তালিকা সংগ্রহ করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের পাশে থাকার অবস্থান জানানোর পরামর্শও দেন অভিষেক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!