- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৪, ২০২৪
অলিম্পিকে নেই এমবাপে, ৫ বছরের চুক্তিতে সই রিয়েল মাদ্রিদে
গতবছর থেকেই কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার কথা শোনা গিয়েছিল। রিয়েল মাদ্রিদ তাঁকে পেতে আগ্রহী ছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে দুই পক্ষের সঙ্গে কথা হয়। রিয়েল মাদ্রিদকে মৌখিকভাবে নিজের সম্মতির কথা জানিয়েছিলেন এমবাপে। অবশেষে চুক্তি চূড়ান্ত হল। সোমবারই রিয়েল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের চুক্তিপত্রে সই করেছেন এমবাপে। ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে স্বাক্ষরের কথা জানানো হয়েছে।
চুক্তির অর্থ নিয়ে রিয়েল মাদ্রিদ কোনও তথ্য জানায়নি। তবে সূত্রের খবর, বার্ষিক বেতন বৃদ্ধিসহ বছরে ১৫ মিলিয়ন ইউরো থেকে ২০ মিলিয়ন ইউরো পাবেন। ৫ বছরে বোনাসসহ পাবেন ১২৫ মিলিয়ন ইউরো। এছাড়া ছবিসত্ত্ব থেকে ৮০ শতাংশ পাবেন। ফ্রান্সের হয়ে ইউরোর প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার আগেই চুক্তির কথা প্রকাশ্যে নিয়ে এল রিয়েল।
ইউরো কাপে খেললেও দেশের হয়ে ঘরের মাঠে অলিম্পিক খেলার স্বপ্নপূরণ হবে না কিলিয়ান এমবাপের। নতুন ক্লাব রিয়েল মাদ্রিদ অলিম্পিক খেলার জন্য অনুমতি দেননি দলের সেরা তারকাকে। অলিম্পিকে তাঁকে ছাড়ার জন্য রিয়েল মাদ্রিদের কাছে বারবার অনুরোধ করেছিলেন ফ্রান্সের কোচ থিয়রি অরিঁ। শুধু অরিঁই নন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ রিয়েলের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু এমবাপেকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি তাঁর নতুন ক্লাব।
❤ Support Us







