- ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
- জুলাই ২৯, ২০২৪
স্টুডিওপাড়ায় জপ অব্যাহত,কর্মবিরতির ডাক পরিচালকদের
পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে না দিলে সোমবার থেকে ফ্লোরে যাবেননা বলে ঘোষণা করে দিয়েছেন ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ ।রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সেই বিবৃতি পোস্ট করে জানানো হয়, ‘যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে।’সিদ্ধান্তে রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়,, পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ টলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দার প্রায় সকল পরিচালকেরা সম্মতি জানিয়েছেন।
কলাকুশলী ও পরিচালক, ফেডারেশন ও ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের মধ্যে , যদিও ইতিমধ্যে মধ্যস্থতা করতে আসরে নেমেছে আর্টিস্ট ফোরাম।বৃহস্পতিবার বিকেলে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিরেক্টরস গিল্ড। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অধিকারিও তারাই। ফেডারেশন এখানে নীরব দর্শক ছাড়া আর কেউ নয়।
২৭ তারিখ রাহুল মুখোপাধ্যায়ের একটি ছবির শুটিং টেকনিশিয়ানরা অনুপস্থিত থাকার ফলে বিঘ্নিত হয় ফলে, সেখানে পরিচালক থেকে কলাকুশলী সকলেই বেশ অপমানিত হন। ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন অভিনেত্রী ও পরিচালক চুর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন,’ গতকাল ২৭ এ জুলাই রাহুল মুখার্জির পরিচালনায়, একটি বাংলা ছবির শ্যুটিং টেকনিশিয়ান স্টুডিও তে ছিল। ফেডারেশন এর আওতা ভুক্ত টেকনিশিয়ান রা সেই শ্যুটিং এ উপস্থিত হননি, ফলত শ্যুটিং করাই যায়না এবং ওখানে উপস্থিত পরিচালক, অভিনয় শিল্পী সকলে চূড়ান্ত অপমানিত হন।
এই মর্মে অন্যান্য অনেক পরিচালক ওখানে উপস্থিত হয়ে যে বিবৃতি দেন, তার সূত্র ধরে আমরা প্রস্তাব করতে চাই যে, যতক্ষণ না রাহুল মুখার্জি কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শ্যুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা পরিচালকরা আগামীকাল ( ২৯ শে জুলাই,২০২৪ সোমবার)থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি।
কারণ আমরা মনে করি ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক, তার সুষ্ঠু সমাধান না করে কাউকে জোর করে কর্ম বিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি বুঝে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখার্জির ওপর আরোপিত কর্ম বিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা অসহযোগিতা করতে চালিত হয়েছেন, তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক।
আমাদের এই সিদ্ধান্তের ফলস্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনো পরিচালক কোনরকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি।’
এই পোস্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায় রাজা চন্দ,মানসী সিনহা সহ একাধিক পরিচালককে ট্যাগ করা হয়।
ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তাদের জায়গায় অনড়। ফেডারেশনের দাবি, পরিচালকদের সঙ্গে মুখোমুখি কথা হবে। নতুবা আগের সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে এই দড়ি টানাটানির যুদ্ধে টালিগঞ্জের স্টুডিওপাড়া কার্যত স্তব্ধ। কলাকুশলীরা শূন্য হাতে বসে রয়েছেন। আবার কবে ‘লাইট, ক্যামেরা অ্যাকশন ‘ শোনা যাবে, আপাতত সে প্রতীক্ষায় কলকাতার সিনেমা পাড়া।
❤ Support Us







